কারাগারে ভারতের সাবেক সংসদ সদস্যের মোবাইলে মিলল ৯০ পর্নো ভিডিও
কারাগারে থাকা ভারতের সাবেক সংসদ সদস্য প্রজোয়াল রেভান্নার কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোনে অসংখ্য পর্নোগ্রাফিক ভিডিও পাওয়া গেছে। কর্নাটকের বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগার থেকে ফোনটি জব্দ করা হয়। সম্প্রতি ফরেনসিক মূল্যায়নে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানা যায়, গত ১১ আগস্ট সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) একটি দল জেলখানায় আচমকা তল্লাশি অভিযান চালায়। সে সময় রেভান্নার হাই-সিকিউরিটি ব্যারাক থেকে একটি স্মার্টফোন, সিম কার্ড, চার্জার, একটি পেনড্রাইভ এবং নোটবুক উদ্ধার করা হয়। পরবর্তীতে এগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলে ফোনের মেমোরিতে মোট ৮০ থেকে ৯০টি পর্ন ভিডিও এবং পেনড্রাইভে একাধিক ওয়েব সিরিজের সন্ধান মেলে।
অনুসন্ধানে উঠে এসেছে, কারারক্ষী ও কয়েকজন বন্দির সহায়তায় বিপুল অর্থের বিনিময়ে এই ফোন ও সিম কার্ডটি প্রজোয়ালের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এ ঘটনায় ইতোমধ্যেই একজন কারারক্ষীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অবহেলার অভিযোগে এক জেল কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজোয়াল রেভান্না বহুল আলোচিত ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। বন্দি থাকা অবস্থায় অনিয়মতান্ত্রিকভাবে প্রযুক্তি ব্যবহারের এই ঘটনা কারাগারে ‘ভিআইপি’ বন্দিদের সুযোগ-সুবিধা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।

এনটিভি অনলাইন ডেস্ক