লোহিত সাগরের উপকূলে প্রভাব বাড়াচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা
ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূল ঘেঁষে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ‘বাব আল-মানদেব প্রণালি’র ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
ইয়েমেনের সরকার বিরোধী হুতি যোদ্ধারা লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করে নিচ্ছে। তাদের দখল করা এলাকাগুলোর মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোচাও রয়েছে। ইরানপন্থি হুতি বিদ্রোহীরা আরও বলেছে, এক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর লোহিত সাগরের পশ্চিম উপকূলীয় অঞ্চল এখন ‘স্থিতিশীল’ রয়েছে। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার।
হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত জানিয়েছেন, সৌদি অবস্থানে হামলা শেষ হওয়ার পর ইয়েমেনের পশ্চিম উপকূলের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। হুতিদের পরিচালিত আল মাসিরা টিভিতে প্রকাশিত আল-মাশাতের বিবৃতি অনুযায়ী, সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সেনাদের জন্য একটি সাধারণ ক্ষমার অধ্যাদেশ কার্যকর করা হয়েছে।
এদিকে, হুতিদের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম বলেছেন, ইয়েমেনের ওপর হামলা বন্ধ হলে এবং অবরোধ তুলে নেওয়া হলে চলমান সামরিক অভিযান বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হুতিদের মুখপাত্র জানান, বিদ্রোহীদের এই হামলা নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ এবং এগুলো মূলত প্রতিরক্ষামূলক।
ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতি যোদ্ধাদের দ্রুত এলাকা দখলের পর এই মন্তব্যগুলো এলো। তারা ইতোমধ্যে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোচা দখল করে নিয়েছে এবং প্রতিবেদন অনুযায়ী বিদ্রোহীরা ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক