কেরালায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, ৮ শিক্ষার্থীর মৃত্যু
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় জাতীয় মহাসড়কে (এনএইচ-৬৬) অবৈধভাবে পার্ক করে রাখা ট্রাকের পেছনে প্রাইভেট কারের সজোড়ে ধাক্কায় তামিলনাড়ুর আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে ত্রিশুর জেলার কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, তামিলনাড়ুর দিনদিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থীরা প্রাইভেটকারে গুরুবায়ুর থেকে কোদুঙ্গালুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কে চলমান নির্মাণকাজের জন্য যান চলাচলের পথ ডাইভারশন করা একটি ব্যারিকেড ছিল। কারের চালক দ্রুতগতিতে থাকায় ব্যারিকেড দেখেননি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে দাঁড়িয়ে থাকা মহারাষ্ট্রের নিবন্ধিত একটি ট্রাকের পেছনে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেন।
সংঘর্ষের তীব্রতায় ছয়জন শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া কারটি থেকে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মিলে মরদেহগুলো উদ্ধার করে ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন দিনদিগুলের বাসিন্দা সূর্য, যুবসঞ্জিত, বিশ্ব ও জোশুয়া এবং মাদুরাইয়ের বাসিন্দা সন্তোষ ও প্রসন্ন। বাকি দুইজনের নাম-পরিচয় এখনও যাচাই করা হচ্ছে। উদ্ধারকৃত স্টুডেন্ট আইডি কার্ডের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবারের অনেকেই তাদের সন্তানদের কেরালা সফরের বিষয়ে জানতেন না।
দুর্ঘটনার পর পরই ট্রাকটির চালক পালিয়ে যায়। কাইপামঙ্গলম থানা পুলিশ ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৫ ধারায় অপরাধমূলক নরহত্যার অভিযোগে মামলা দায়ের করেছে। নিহতের স্বজনেরা এসে পৌঁছালে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

এনটিভি অনলাইন ডেস্ক