ট্রাম্পকে পাত্তা না দিয়ে ‘লেক অন্টারিও’ নামে বড় বিলবোর্ড বসালো কানাডা
কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যেই উত্তর আমেরিকার বিখ্যাত ‘লেক অন্টারিওর’ নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডোনাল্ড ট্রাম্পকে একেবারেই পাত্তা দেয়নি কানাডা। উল্টো ‘লেক অন্টারিও’ নামে বড় বিলবোর্ড বসিয়েছে দেশটি।
আজ রোববার (৩০ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ‘লেক অন্টারিও’ নামেই বড় বিলবোর্ড বসিয়েছে কানাডা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কানাডার তীরে বসানো বড় ওই বিলবোর্ডে লেখা হয়েছে, ‘লেক অন্টারিও। এখন এবং সবসময়।’
নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সব নথি ও কাগজপত্র জমা দেওয়া হয়েছে জানিয়ে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যাদের জানানোর প্রয়োজন ছিল, আমরা তাদের সবাইকে জানিয়েছি। যা যা করা দরকার, তার সবই আমরা করেছি।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, লেকের গভীরতম অংশ যুক্তরাষ্ট্রের সীমানার ভেতরে পড়েছে। তাই যুক্তরাষ্ট্র এর বেশিরভাগ জলরাশির দাবিদার।
কানাডার অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক আগে থেকেই এই হ্রদের নাম লেক অন্টারিও ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প চলে যাওয়ার অনেক পরেও এর নাম লেক অন্টারিওই থাকবে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও জোর দিয়ে বলেছেন, লেকটির নাম এখন এবং চিরকাল লেক অন্টারিওই থাকবে।
বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার ২ হাজার কোটি ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে জলপথটি নিয়ে এই বিতর্ক শুরু হয়। জবাবে কানাডাও আগামী মাসে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। পরে ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার যৌথ মালিকানাধীন লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

এনটিভি অনলাইন ডেস্ক