ইথিওপিয়ায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ভূমিধসে নিহত ১৪
ইথিওপিয়ার আমহারা অঞ্চলে ভারি বৃষ্টির প্রভাবে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন। এখনও বহু মানুষ মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এবিসি নিউজের।
স্থানীয় সময় সোমবার (৪ আগস্ট) আমহারা অঞ্চলের ‘তসাদকানে দেবরে মিতমাক সেন্ট মেরিজ মনাস্ট্রিতে’ এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘস্থায়ী রোগ থেকে আত্মিক ও শারীরিক নিরাময়ের উদ্দেশ্যে ওই আশ্রমে ‘পবিত্র পানি’ দিয়ে শুচিকরণ আচারানুষ্ঠানে অংশ নিতে শত শত পুণ্যার্থী সমবেত হয়েছিলেন।
মনাস্ট্রির সাধারণ ব্যবস্থাপক মেগাবে হাদিস নেকা তিবেব আবাবু বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, সকাল আনুমানিক ৭টার দিকে পাহাড়ধসের ঘটনাটি ঘটে। সেখানে পবিত্র পানি গ্রহণ করতে জড়ো হওয়া মানুষদের ওপর পাহাড় থেকে বিশাল আকারের পাথর ও মাটি ধসে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।
তিবেব আবাবু আরও জানান, নিখোঁজদের সঠিক সংখ্যা জানা না গেলেও এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত ১৪ জনের মধ্যে ১১ জনকে মনাস্ট্রি চত্বরেই সমাহিত করা হয়েছে। বাকিদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকজনের পরিচয় শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে।
দুর্ঘটনায় গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে মনাস্ট্রি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নর্থ শেওয়া প্রশাসনিক অঞ্চলের রাজধানী দেবরে বির্হানের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় দুর্যোগ প্রতিরোধ কার্যালয়ের একটি বিশেষজ্ঞ দল অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, ইথিওপিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয়ভাবে ‘কিরেমেত’ নামে পরিচিত বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ধস ও বন্যার ঘটনা ক্রমেই আশঙ্কাজনকভাবে বাড়ছে। আফ্রিকার এ দেশটিতে অবকাঠামোগত দুর্বলতার কারণে প্রত্যন্ত অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগগুলো প্রতিনিয়ত প্রাণহানির বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক