হরমুজ প্রণালিতে নতুন হামলা, বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে উদ্বেগ
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ ‘হরমুজ প্রণালি’ ও ওমান উপকূলে আবারও বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের উপকূল ঘেঁষে দক্ষিণ রুট দিয়ে যাওয়ার সময় একটি তেল ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর সিএনএনের।
ইউকেএমটিও জানায়, ওমানের লিমা অঞ্চল থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল (প্রায় ১৫ মাইল) দক্ষিণ-পূর্বে এই হামলার ঘটনা ঘটে। সামুদ্রিক কর্তৃপক্ষকে গতকাল সোমবারই এই হামলার বিষয়ে প্রথম অবহিত করা হয়েছিল। বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে।
এর আগে গত সোমবারও ওমানের কালহাত থেকে ৪০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে আরেকটি ট্যাঙ্কারে ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্র’ বা প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে ইউকেএমটিও জানিয়েছিল। একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি ওই অঞ্চলে চলাচলকারী সমস্ত জাহাজকে চরম সতর্কতা অবলম্বন করতে এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ অবিলম্বে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে।
এদিকে গতকাল রাতে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা হরমুজ প্রণালিতে দুটি ‘উচ্ছৃঙ্খল ও নিয়ম লঙ্ঘনকারী’ সুপারট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ইরানের কর্তৃপক্ষের দাবি, জাহাজ দুটি তাদের দেওয়া বিশেষ সতর্কবার্তা ও নির্দেশনা উপেক্ষা করে ওই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই কৌশলগত জলপথে একের পর এক ট্যাঙ্কারে হামলার ঘটনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। এই অস্থিরতার কারণেই আজ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

এনটিভি অনলাইন ডেস্ক