অবৈধ প্রবাসীদের কঠোর সতর্কবার্তা দিল সৌদি আরব
সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে চরম কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং পরবর্তীতে দেশ থেকে নির্বাসনের (ডিপোর্ট) মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। গতকাল সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ভিসার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করাকে এখন থেকে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকারও বেশি। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। এই সাজা ভোগ করার পর তাকে সৌদি আরব থেকে নির্বাসন দেওয়া হবে এবং ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর চিরতরে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করা এবং বিদেশি নাগরিকরা যেন অনুমোদিত সময়ের বেশি অবস্থান করতে না পারেন, তা নিশ্চিত করা।
এ ছাড়া দেশটির নাগরিক ও বাসিন্দাদের আশেপাশে আইন লঙ্ঘনের কোনো ঘটনা নজরে এলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এ জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু রাখা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করে সরাসরি তথ্য জানাতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিরাপত্তা জোরদার, শ্রমবাজার সুরক্ষা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমিয়ে আনতেই এই কঠোর ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বর্তমানে সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে। চলমান এই অভিযানের মধ্যেই নতুন করে এই কঠোর সতর্কবার্তা জারি করা হলো।

কামাল পারভেজ অভি, মক্কা