লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ১৮
লেবাননে নতুন করে লড়াই ছড়িয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ লেবাননজুড়ে চালানো ইসরায়েলি বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছেন এবং ইসরায়েল তাদের চার সেনার মৃত্যুর খবর ঘোষণা করেছে।
বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। ধারণা করা হয়েছিল, এই চুক্তির মাধ্যমে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার লড়াইও সাময়িকভাবে থামবে। খবর বার্তা সংস্থা এএফপির।
সেনাদের মৃত্যুর এই ঘটনা ইসরায়েলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। উগ্র-ডানপন্থি ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, ‘লেবাননকে অবশ্যই পুড়িয়ে ছারখার করতে হবে।’
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ১০টি গ্রাম ও শহরে চালানো এই হামলায় প্রাথমিক হিসাব অনুযায়ী ১৮ জন শহীদ এবং ৩৩ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতভর এবং সকাল পর্যন্ত বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ইসরায়েলের একটি সামরিক বিবৃতিতে বলা হয়, আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) নাবাতিয়েহ এলাকা এবং দক্ষিণ লেবাননের অন্যান্য স্থানে ৮০টিরও বেশি ‘সন্ত্রাসী’ কমান্ড সেন্টার, উৎক্ষেপণ ঘাঁটি এবং সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার সময় কমান্ড সেন্টারগুলোতে সক্রিয় থাকা হিজবুল্লাহর ডজন খানেক ‘সন্ত্রাসীকে’ নির্মূল করা হয়েছে।
এদিকে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণের শহর নাবাতিয়েহর কাছাকাছি ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।
এছাড়া আরও বেশকিছু ইসরায়েলি হামলা দেশটির পূর্বাঞ্চলের বালবেক অঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা গত ২ মার্চ সংঘাত শুরু হওয়ার পর থেকে অনেকটাই সুরক্ষিত ছিল।
ইসরায়েল বলেছে, বালবেক এবং বেকা উপত্যকায় তাদের এই হামলা ছিল হিজবুল্লাহর পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া। তাদের দাবি, হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছিল, লেফটেন্যান্ট কর্নেল দোর গেদালিয়া বেন সিমহনসহ আরও তিনজন সেনা যুদ্ধে নিহত হয়েছে, যাদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনাটি একটি ইসরায়েলি ট্যাংকের ওপর সন্দেহজনক হামলা ছিল। ইসরায়েলি সামরিক সাংবাদিকদের তথ্য অনুযায়ী, ট্যাংকটিতে একটি সন্দেহভাজন ড্রোন বা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল।
পৃথক আরেকটি বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে একটি বিস্ফোরক ড্রোনের আঘাতে একজন রিজার্ভ অফিসার গুরুতরভাবে আহত হয়েছে এবং আরও চারজন সেনা সামান্য আহত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক