মার্কিন পঞ্চম নৌবহরে হামলার দাবি ইরানের
মার্কিন সামরিক বাহিনীর হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতরে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে শত্রু জাহাজ ও মধ্যপ্রাচ্যের একটি আমেরিকান বিমানঘাঁটিতেও হামলার দাবি করা হয়। তবে ইরানি দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর মিডল ইস্ট আইয়ের।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (২ জুন) গভীর রাতে হরমুজ প্রণালির কাছে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন বিমান হামলায় সেটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার জবাবে আইআরজিসি নেভি বা নৌবাহিনী তাৎক্ষণিকভাবে ‘পানায়া’ নামের একটি ‘আমেরিকান-জায়নবাদী শত্রু জাহাজ’ লক্ষ্য করে পাল্টা আঘাত হানে।
আইআরজিসি বিবৃতিতে আরও দাবি করেছে, জাহাজ আক্রমণের ঘটনার পর মার্কিন বাহিনী ক্ষিপ্ত হয়ে ইরানের কেশম দ্বীপে অবস্থিত যোগাযোগ টাওয়ারে বিমান হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মার্কিন বাহিনীর আঞ্চলিক বিমান ও হেলিকপ্টার ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান সদর দফতর লক্ষ্য করে একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে। মার্কিন ঘাঁটি ও পঞ্চম নৌবহরের সদর দফতরে ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার এই দাবি পুরোপুরি অসত্য এবং বিভ্রান্তিকর বলে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক