ট্রাম্পের সফরের পরই শি-পুতিন বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কয়েকদিন পরই বেইজিংয়ে বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি-জিনপিং। চলতি বছরে এটি পুতিনের প্রথম বিদেশ সফর, যা ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়ার জন্য চীনের গুরুত্বকে আরও স্পষ্ট করেছে।
পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও চীন বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা এবং মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। তবে ইউক্রেন যুদ্ধের কারণে চীন এক ধরনের কূটনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে রয়েছে। খবর বিবিসির।
বিশ্লেষকদের মতে, বেইজিং মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে থাকতে চাইলেও অতিরিক্ত ঘনিষ্ঠতার বার্তা দিতে সতর্ক অবস্থান নিচ্ছে।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে নতুন একটি গ্যাস পাইপলাইন প্রকল্প আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যার মাধ্যমে বছরে প্রায় ৫০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে।
সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদারে বেইজিং সফর করছেন। এর মধ্যেই শি-পুতিন বৈঠককে বৈশ্বিক ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক