মতবিরোধের চেয়েও চীন-যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ : শি জিনপিং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে হোয়াইট হাউসে ফিরতি সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। ওয়াশিংটনে তাদের পরবর্তী শীর্ষ সম্মেলনের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর তারিখটি নির্ধারণ করেছেন ট্রাম্প। সেই সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে যোগ দেওয়ার জন্য চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। খবর আল জাজিরার।
বেজিংয়ে জাঁকজমকপূর্ণ এক অভ্যর্থনা অনুষ্ঠানের পর দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শি জিনপিং বলেন, দুই দেশের মধ্যকার মতবিরোধের চেয়ে তাদের একে অপরের প্রয়োজনীয়তা বা স্বার্থই এখন বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, মার্কিন-চীন সম্পর্ককে স্থিতিশীল রাখতে তাদের মধ্যে একাধিক বৈঠক ও ফোনকল হয়েছে। অন্যদিকে, ট্রাম্প চীনা প্রেসিডেন্টের ‘মহান’ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
উভয় নেতা বিশ্বাস করেন, চীন-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। শি জিনপিংয়ের মতে, দুই দেশই তাদের পারস্পরিক প্রত্যাশা সম্পর্কে পুরোপুরি অবগত ও এই সম্পর্ককে অবশ্যই সফল করতে হবে, কোনোভাবেই নষ্ট করা যাবে না। বৈঠকে তারা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন গতিপ্রকৃতি নিয়েও গভীর আলোচনা করেছেন।
এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ পরিস্থিতি এই আলোচনায় বিশেষ গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ চীন বর্তমানে তেহরানের সবচেয়ে বড় তেল ও গ্যাস আমদানিকারক দেশ। দুই দেশের এই শীর্ষ বৈঠক বৈশ্বিক ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক