আমি ধর্ষক নই : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনার পর একটি সাক্ষাৎকারে সন্দেহভাজন বন্দুকধারীর ম্যানিফেস্টো থেকে কিছু অংশ পড়ে শোনানো হলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে গুলির শব্দ শোনা গেলে ট্রাম্প, তার স্ত্রী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় প্রাণে বেঁচে যান এবং সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে। খবর মিররের।
কর্তৃপক্ষের ধারণা, ওই হামলার লক্ষ্য ছিলেন ট্রাম্পসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে ক্যালিফোর্নিয়ার টরেন্সের ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করা হয়েছে।
হামলার কয়েক মিনিট আগে তিনি পরিবারের সদস্যদের কাছে বার্তা পাঠিয়ে নিজেকে ‘ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন’ বলে উল্লেখ করেন এবং মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
সাক্ষাৎকারে সাংবাদিক নোরা ও’ডনেল সন্দেহভাজনের পাঠানো একটি নথি থেকে উদ্ধৃতি দিলে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই নথিতে অ্যালেন ট্রাম্পকে ‘শিশুকামী, ধর্ষক এবং বিশ্বাসঘাতক’ হিসেবে উল্লেখ করেছিলেন।
ওই নথিতে ট্রাম্পকে লক্ষ্য করে গুরুতর অভিযোগের ইঙ্গিত থাকায় তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।
ট্রাম্প বলেন, আমি অপেক্ষা করছিলাম আপনি এটা পড়বেন, কারণ আমি জানতাম আপনি এটা পড়বেনই। কারণ... আপনারা জঘন্য লোক। জঘন্য লোক। হ্যাঁ, ওটা সে-ই লিখেছে। আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি। আমি শিশুকামী নই। মাফ করবেন। মাফ করবেন। আমি শিশুকামী নই। আপনি কোনো এক অসুস্থ লোকের লেখা ওইসব বাজে কথা পড়ছেন? আমাকে এমন সব জিনিসের সঙ্গে জড়ানো হয়েছে যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আমি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছিলাম।
এ সময় সাংবাদিকদের আচরণকে তিনি ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন। তিনি জোর দিয়ে বলেন, এসব অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তিনি সম্পূর্ণভাবে নির্দোষ।
অভিযুক্ত অ্যালেন তার লক্ষ্য হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের উল্লেখ করেছিলেন এবং উচ্চপদস্থদের অগ্রাধিকার দিয়েছিলেন বলে জানা গেছে।
তার সামাজিক যোগাযোগমাধ্যমেও সরকারবিরোধী ও ধর্মবিরোধী নানা বক্তব্য পাওয়া গেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, ঘটনার সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দৃশ্যত বিচলিত ছিলেন।
তবে তিনি পরিস্থিতি দৃঢ়তা ও স্থিরতার সঙ্গে সামাল দিয়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এনটিভি অনলাইন ডেস্ক