ইরানের সঙ্গে ‘এখনও যুদ্ধে’ ইসরায়েল : নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে ‘এখনও যুদ্ধে’ লিপ্ত রয়েছে। তিনি এই সংঘাতকে ‘বর্বরতার বিরুদ্ধে সভ্যতার লড়াই’ হিসেবে অভিহিত করেছেন।
রোববার (১৯ এপ্রিল) আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের ইসরায়েল সফর উপলক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এসব কথা বলেন।
আর্জেন্টাইন প্রেসিডেন্টের উপস্থিতিতে নেতানিয়াহু বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি। ইরান পুরো বিশ্বকে আতঙ্কিত করছে এবং আমাদের ধ্বংস করতে চায়। তারা কেবল আমাদের নয়, পশ্চিমা সভ্যতাকেও ধসিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সামরিক সফলতার কথা উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা এরই মধ্যে বড় সাফল্য অর্জন করেছি। তবে লড়াই এখনও শেষ হয়নি। যেকোনো মুহূর্তে নতুন ঘটনা বা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি ইঙ্গিত দেন, ইসরায়েল যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।
রোববার আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই তার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েল পৌঁছান। প্রেসিডেন্ট হিসেবে এটি তার তৃতীয় সফর। তিনি ইরানকে ‘পশ্চিমা বিশ্বের শত্রু’ হিসেবে আখ্যা দিয়ে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এছাড়া তিনি আর্জেন্টিনার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট মিলেই ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পদকও গ্রহণ করবেন।

এনটিভি অনলাইন ডেস্ক