ভেনেজুয়েলা উপকূলে তেল ট্যাংকার আটক, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আরও ছয় জাহাজ
ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করার একদিন পর দেশটির আরও ছয়টি জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আত্মীয়স্বজন ও সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, আটক করা স্কিপার জাহাজটি ‘অবৈধ তেল পরিবহনে’ জড়িত ছিল এবং এটি যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। অন্যদিকে কারাকাস এ ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে অভিহিত করেছে।
মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটন গত কয়েক মাসে এ ধরনের অভিযান জোরদার করেছে। যুক্তরাষ্ট্র দাবি করছে, ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের প্রবাহ থামানোই তাদের লক্ষ্য। অপরদিকে ভেনেজুয়েলা বলছে, তাদের সম্পদ দখল করতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিচ্ছে।
মাদুরো বুধবার ঘোষণা করেন, ভেনেজুয়েলাকে ‘তেলের উপনিবেশ’ বানাতে দেবে না।
লেভিট বলেন, নিষিদ্ধ জাহাজগুলোকে সমুদ্রে অবাধে চলতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘এগুলোর মাধ্যমে যে অর্থ আসে তা বিশ্বজুড়ে অবৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়।’
লেভিট আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্কিপার ট্যাংকারে থাকা তেল যুক্তরাষ্ট্র বাজেয়াপ্ত করবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাদুরোকে ফোনে সমর্থন জানানোর পর বিষয়টি নিয়ে ট্রাম্প উদ্বিগ্ন কি না—এমন প্রশ্নে লেভিট বলেন, ‘একেবারেই নয়।’
মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানান, মাদুরোর স্ত্রীর তিন ভাতিজা ও তাদের সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার দাবি, এটি মাদুরোর ‘স্বৈরাচারী নিয়ন্ত্রণ’ দুর্বল করার প্রচেষ্টারই অংশ।
বুধবার (১০ ডিসেম্বর) হোয়াইট হাউস স্কিপার জাহাজে অভিযানের ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, অস্ত্রে সজ্জিত মার্কিন কমান্ডোরা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে জাহাজে নেমে আসে ও পুরো জাহাজ নিয়ন্ত্রণে নেয়।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো ঘটনাটি নিন্দা জানিয়ে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র খুনে, ডাকাত, জলদস্যু।’ তার দাবি, এমন কার্যকলাপের মাধ্যমেই যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যুদ্ধ সৃষ্টি করে এসেছে।
স্কিপার আগেই (২০২২ সালে) তেল পাচারে জড়িত থাকার অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ছিল বলে সিবিএস জানিয়েছে।
অভিযানের আগে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করে। এতে হাজারো মার্কিন সেনা মোতায়েন করা হয় এবং বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড ফোর্ড ভেনেজুয়েলার নিকটবর্তী এলাকায় অবস্থান নেয়।

এনটিভি অনলাইন ডেস্ক