চুক্তি তত্ত্বে অবদান রাখায় অর্থনীতিতে নোবেল দুজনের
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাজ্যের অলিভার হার্ট ও বেংট হমস্ট্রোম।
আজ সোমবার স্থানীয় সময় সকালে সুইডেনের স্টকহোমে রয়্যাল একাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়। দুজনই যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করেন।
ব্রিটেনে জন্ম নেওয়া অলিভার হার্ভার্ড ইউনিভার্সিটিতে এবং ফিনল্যান্ডের নাগরিক হমস্ট্রোম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পড়ান।
যে চুক্তি তত্ত্বে অবদান রাখায় এ দুজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে- সেসব চুক্তি ব্যবসা, অর্থনীতি ও জননীতি প্রণয়নে ভূমিকা রাখে।
রয়্যাল একাডেমি বলে, ‘আধুনিক সমাজের স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য চুক্তি অপরিহার্য। হার্ট ও হমস্ট্রোমের গবেষণায় জানা গেছে পরস্পরবিরোধী অবস্থানে থেকে চুক্তি আমাদের কীভাবে সহায়তা করে।’
হমস্ট্রোমের চাকরি চুক্তি, বিশেষ করে সিইও (প্রধান নির্বাহী) ও অংশীদারদের মধ্যে এবং জনসেবা দাতা প্রতিষ্ঠান যেমন স্কুল, হাসপাতাল, কারাগার- এসব প্রতিষ্ঠান সরকারি নাকি বেসরকারি খাতে হওয়া উচিত তা নিয়ে হার্টের কাজ; এসব বিবেচনায় রেখেছে রয়্যাল একাডেমি কর্তৃপক্ষ।
অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় ১৯৬৯ সালে।
সর্বশেষ ২০১৫ সালে দারিদ্র্য নিয়ে কাজ করায় প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক আংগুস ডিটন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।

অনলাইন ডেস্ক