স্মৃতি থেকে আঁকা ম্যাপে ৩৩ বছর পর পেলেন মায়ের দেখা
চীনের ইউনান প্রদেশে চার বছর বয়সে অপহৃত হওয়া এক ব্যক্তি তাঁর ছোটবেলার স্মৃতি থেকে আঁকা একটি মানচিত্রের সাহায্যে ৩৩ বছর পর তাঁর জন্মদাত্রী মায়ের দেখা পেয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
লি জিংওয়েই’র বয়স যখন চার বছর, তখন একটি শিশু অপহরণকারী চক্র তাকে ভুলিয়ে নিয়ে গিয়ে অন্য একটি পরিবারের কাছে বিক্রি করে দেয়। লি’র বাড়ি ছিল ইউনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঝাওতং শহরের কাছে। আর, অপহরণকারীরা তাকে যে পরিবারের কাছে বিক্রি করেছিল, তারা থাকত প্রায় এক হাজার ৮০০ কিলোমিটার দূরে।
লি এখন দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে থাকেন। তিনি অনেকদিন ধরে চেষ্টা করছিলেন তাঁর আসল মা-বাবাকে খুঁজে বের করার জন্য। তাঁর পালক মা-বাবাকে জিজ্ঞাসা করে এবং ডিএনএ তথ্যভাণ্ডার অনুসন্ধান করেও কিছুই না পেয়ে শেষ পর্যন্ত অন্তর্জালের শরণাপন্ন হন লি।
গত ২৪ ডিসেম্বর লি ছোটবেলার স্মৃতি থেকে তাঁর গ্রামের বাড়ি এবং আশপাশের এলাকার একটি ম্যাপ আঁকেন। তারপর তা প্রকাশ করেন ডোউইন নামের ভিডিও শেয়ারিং অ্যাপে।
এর পর পুলিশ লি’র সেই মানচিত্রটি একটি ছোট গ্রামের সঙ্গে মেলাতে সক্ষম হয়। সে গ্রামে এক নারীর সন্ধানও পাওয়া যায়, যার ছেলে হারিয়ে গিয়েছিল। পরে ডিএনএ নমুনা মিলিয়ে নিশ্চিত করা হয় যে লি-ই হচ্ছেন সেই নারীর হারিয়ে যাওয়া ছেলে।
এভাবেই তিন দশকের বেশি সময় পর লি জিংওয়েই এবং তাঁর মায়ের পুনর্মিলন হয়।
মা-ছেলের পুনর্মিলনের একটি ভিডিও অনলাইনে প্রকাশ হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে লি তাঁর মায়ের মুখ থেকে মাস্ক সরিয়ে তাঁকে দেখছেন, এবং মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন।
চীনা সমাজে পুত্রসন্তানকে অত্যন্ত মূল্যবান মনে করা হয়, এবং সে কারণে ছেলেশিশু অপহরণের ঘটনা খুব বিরল নয়। এদের অনেককেই খুব অল্প বয়সে অপহরণ করে অন্য পরিবারের কাছে বিক্রি করে দেওয়া হয়।
লি জিংওয়েইর জীবনেও তাই ঘটেছিল। কিন্তু, চার বছর বয়সে শেষবার দেখা নিজ গ্রামের স্মৃতি তাঁর মন থেকে পুরোপুরি মুছে যায়নি।
অনলাইনে প্রকাশ করা ম্যাপটিতে লি এঁকেছেন তাঁর গ্রামের পথ, বাড়িঘর, বাঁশঝাড়, একটা ছোট পুকুর, আর একটি ভবন, যা তার কাছে স্কুল বলে মনে হয়েছিল ।
‘এই হচ্ছে আমার বাড়ির চারপাশের এলাকার একটি মানচিত্র। আমি স্মৃতি থেকে এটা এঁকেছি’, অনলাইনে প্রকাশিত ভিডিওতে ম্যাপটি দেখিয়ে বলছিলেন লি জিংওয়েই।
লি বলেন, ‘১৯৮৯ সালে টাকমাথাওয়ালা এক প্রতিবেশী আমাকে হেনান নিয়ে গিয়েছিল। তখন আমার বয়স ছিল চার বছর।’
অনলাইনে ভিডিওটি হাজার হাজার বার শেয়ার হয়।
মায়ের সঙ্গে দেখা হওয়ার আগে লি তাঁর ডোউইন প্রোফাইলে লেখেন, ‘তেত্রিশ বছরের অপেক্ষা, অসংখ্য রাতের আকুলতা, আর স্মৃতি হাতড়ে একটি হাতে আঁকা ম্যাপ প্রকাশের ১৩ দিন পর অবশেষে আমার আবেগের মুক্তির মুহূর্ত সমাগত। আমার পরিবারের সঙ্গে পুনর্মিলনে যাঁরা সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ।’
চীনে ২০১৫ সালের এক পরিসংখ্যানে দেখা যায়—প্রতি বছর সে দেশে আনুমানিক ২০ হাজার শিশু অপহরণের শিকার হয়। ২০২১ সালে দেশটিতে এরকম হারিয়ে ছেলেদের সঙ্গে তাঁদের আসল মা-বাবার পুনর্মিলনের অনেকগুলো ঘটনা ঘটেছে।
গত বছরের জুলাইয়ে শ্যানডং প্রদেশে গুও গ্যাংট্যাং-এর সঙ্গে তাঁর অপহৃত ছেলের পুনর্মিলন হয় ২৪ বছর পর।

এনটিভি অনলাইন ডেস্ক