যুক্তরাষ্ট্রে ৪২ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, কমেছে আক্রান্তের সংখ্যাও
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। এ অবস্থায় টানা ৪২ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র।
দেশটিতে গতকাল রোববার একদিনে প্রাণঘাতী এ ভাইরাসে ৭৫০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৯ মার্চ একদিনে সর্বনিম্ন ৪৯৭ জন মৃত্যুবরণ করে। এরপরই বাড়তে থাকে মৃত্যুর হার। দুদিন পরেই প্রতিদিন মৃত্যুর সংখ্যা চার অঙ্কে পৌঁছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮০ হাজার ৭৮৭ জনের প্রাণ গেছে। মোট আক্রান্ত ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন। সুস্থ হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৩৩৬ জন।
এদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যাও দিন দিন কমছে। গতকাল রোববার একদিনে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩২৯ জন, যা গত ৪১ দিনের মধ্যে একদিনে আক্রান্তের দিক দিয়ে সর্বনিম্ন।

অনলাইন ডেস্ক