ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার
ইউরোপের দেশ ইতালির ভেনিসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ২০০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার হয়েছে।
গত ২২ জানুয়ারি ভেনিস শহরের মেস্ত্রে এলাকায় সংস্কার কাজ করার সময় শ্রমিকরা মাটির নিচে শক্তিশালী বোমাটির সন্ধান পায়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে দুপুর ১টার মধ্যে বোমাটি অপসারণ ও নিষ্ক্রিয় করা হবে।
জানা গেছে, একটি মেরিন জাহাজের সহায়তায় বোমাটি অপসারণ করা হবে। এ সময় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। বোমাটি অপসারণের জন্য সবচেয়ে উন্নত প্রযুক্তির সহায়তা নেবে প্রশাসন। আর এটি ভূমধ্যসাগরের একটা নিরাপদ জায়গায় নিয়ে নিষ্ক্রিয় করা হবে।
বোমা অপসারণের বিষয়টিকে কেন্দ্র করে ভেনিসের ওই এলাকা থেকে প্রায় তিন হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যেতে বলা হয়েছে।
সৃষ্ট পরিস্থিতিতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে ভেনিসের স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে তাদের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে।

অনলাইন ডেস্ক