কিউসিওয়াইয়ের পণ্যে ১৮ মাসের ওয়ারেন্টি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ
বাংলাদেশে জনপ্রিয় প্রযুক্তিপণ্য ব্র্যান্ড কিউসিওয়াইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। একই সঙ্গে দেশে বাজারজাত করা ব্র্যান্ডটির পণ্যের ওয়ারেন্টির মেয়াদ ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করার ঘোষণা দিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান আইটেক স্মার্ট লিমিটেড।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘পাওয়ারিং দ্য নেক্সট ওয়েভ’ শীর্ষক অনুষ্ঠানে এসব ঘোষণা দেওয়া হয়। এ সময় তৌসিফ মাহবুবের সঙ্গে এক বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করে আইটেক স্মার্ট লিমিটেড।
অনুষ্ঠানে কিউসিওয়াই ও আইটেক স্মার্ট লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের পুনর্বিক্রেতা, পরিবেশক, প্রযুক্তিবিষয়ক সাংবাদিক, ইউটিউবার ও কনটেন্ট নির্মাতারা উপস্থিত ছিলেন।
আইটেক স্মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ মাহাদি বলেন, ‘বাংলাদেশে কিউসিওয়াইয়ের প্রতি গ্রাহকদের আস্থা ও আগ্রহ বেড়েছে। ওয়ারেন্টির মেয়াদ ১৮ মাস করার মাধ্যমে গ্রাহকদের আরও নিশ্চিন্ত ব্যবহারের অভিজ্ঞতা দিতে চাই। একটি ব্র্যান্ড তখনই প্রায় দেড় বছরের ওয়ারেন্টি দেয়, যখন সে জানে তার পণ্যের সক্ষমতা অনেক। আমরা শুধু বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেশেই আনতে চাই না, দেশেও কারখানা করতে কাজ করছি। যেখানে ভবিষ্যতে তৈরি হবে মেড ইন বাংলাদেশ পণ্য।’
অনুষ্ঠানে কিউসিওয়াইয়ের বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। এর মধ্যে ছিল মেলোবাডস ও ক্রসকি সিরিজের ইয়ারবাডস, হেডফোন, পাওয়ার ব্যাংক এবং স্মার্টঘড়ি। দর্শনার্থীরা এসব পণ্য সরাসরি দেখার পাশাপাশি ব্যবহার করে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।
কিউসিওয়াই চীনের ডংগুয়ান হেলে ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের একটি ভোক্তা ইলেকট্রনিকস ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি মূলত তারবিহীন ইয়ারবাডস, হেডফোন ও অডিও সরঞ্জাম তৈরি করে। পাশাপাশি পাওয়ার ব্যাংক, চার্জার ও স্মার্টঘড়িও বাজারজাত করে।
বাংলাদেশে কিউসিওয়াইয়ের আনুষ্ঠানিক পরিবেশক আইটেক স্মার্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি কিউসিওয়াই ছাড়াও আওয়েই, ম্যাকডোডো, উলানজি, কলমি, জিব্লেজ ও সাউন্ডপিটসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড নিয়ে কাজ করছে।

এনটিভি অনলাইন ডেস্ক