পটচিত্রে আগামীর বাসযোগ্য ঢাকা, উবারের বিশেষ উদ্যোগ
বাংলাদেশে কার্যক্রমের ১০ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিবার উবার’ প্রতিপাদ্যে পটচিত্রের মাধ্যমে নগরজীবনের গল্প তুলে ধরছে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার। এর অংশ হিসেবে হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্যবাহী পটচিত্রশিল্পের আদলে দেয়ালচিত্র আঁকা হচ্ছে। এতে পটচিত্রশিল্পী টাইগার নাজিরের সঙ্গে অংশ নিচ্ছেন সাধারণ মানুষও। রংতুলির আঁচড়ে নিজেদের কল্পনার ঢাকা তুলে ধরছেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ।
২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত মিরপুর ১০ নম্বরে সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে তিন দিনব্যাপী এ চিত্রাঙ্কন চলছে।
আয়োজকদের মতে, বাংলার ঐতিহ্যবাহী পটচিত্রশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং এ শিল্পের প্রতি আগ্রহ ফিরিয়ে আনার পাশাপাশি শিল্পের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকার স্বপ্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বেঞ্চমার্ক পিআরের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক এ এফ এম আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উপলক্ষে আবহমান বাংলার শিল্প, সাহিত্য এবং হারিয়ে যেতে বসা গ্রামীণ ও শহুরে সংস্কৃতিকে গ্রাফিতি ও চিত্রকর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, যান্ত্রিকতা ও অপসংস্কৃতির ভিড়ে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্য এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের সামগ্রিক রূপকে শিল্পীর তুলিতে মানুষের মনে পুনর্জাগরিত করাই এ আয়োজনের লক্ষ্য।
গরুর গাড়ি থেকে উবার
দেয়ালচিত্রে বাংলাদেশের যোগাযোগব্যবস্থার বিবর্তনের গল্পও তুলে ধরা হচ্ছে। অতীতের গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, নৌকা ও লঞ্চের যুগ থেকে বর্তমানের মেট্রোরেল, উড়োজাহাজ এবং উবারের আধুনিক রাইড শেয়ারিং সেবার যাত্রা চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে।
আয়োজকরা বলছেন, গত ১০ বছরে ছাত্র থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ-বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ করতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও দেশের যোগাযোগব্যবস্থাকে আরও আধুনিক করতে প্রতিষ্ঠানটি কাজ করবে।
‘প্রতিবার উবার’ প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘রংতুলিতে আগামীর বাসযোগ্য ঢাকা’ ভাবনাকে কেন্দ্র করে দেয়ালচিত্রটি আঁকা হচ্ছে। এতে সবুজ সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ যাতায়াত, উন্মুক্ত খেলার মাঠ, জলাশয় ও প্রকৃতি সংরক্ষণ এবং প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্কের মতো বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।
ঐতিহ্যবাহী পটচিত্রের রং ও নকশায় নগরবাসীর কাঙ্ক্ষিত ঢাকার চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। অর্থাৎ মানুষ ভবিষ্যতে ঢাকা শহরকে যেমন দেখতে চান, সেই স্বপ্নই রংতুলির মাধ্যমে প্রকাশ করা হচ্ছে।
দেয়ালচিত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ
এ আয়োজনে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগও রাখা হয়েছে। আগ্রহীরা শিল্পীদের সঙ্গে দেয়ালচিত্র আঁকায় অংশ নিয়ে বাসযোগ্য ঢাকা সম্পর্কে নিজেদের ভাবনা তুলে ধরছেন। বিভিন্ন বয়স ও পটভূমির মানুষের অংশগ্রহণে দেয়ালচিত্রটি একটি সম্মিলিত শিল্পকর্মে পরিণত হচ্ছে। এতে শহরকে ঘিরে মানুষের স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যতের বাসযোগ্য নগরীর ভাবনা ফুটে উঠছে।
আয়োজকদের মতে, দেয়াল শুধু ইট-পাথরের কাঠামো হয়ে না থেকে মানুষের শিক্ষার মাধ্যমও হতে পারে। একটি দেয়ালের দিকে তাকালেই যেন পুরো বাংলাদেশকে দেখা যায়-এমন একটি বার্তাই এ উদ্যোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
বাংলাদেশে উবারের এক দশকের পথচলাকে ঘিরে ‘প্রতিবার উবার’ প্রতিপাদ্যের মাধ্যমে মানুষের প্রতিদিনের যাতায়াত ও শহরের সঙ্গে তাদের সম্পর্কের গল্প তুলে ধরা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পটচিত্রের এ উদ্যোগের মাধ্যমে নগরবাসীর চোখে একটি বাসযোগ্য ঢাকার স্বপ্ন তুলে ধরার পাশাপাশি ঐতিহ্যবাহী শিল্পের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি এবং পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ার ভাবনাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায় উবার।

শাহজালাল রোহান