রিমোট হারিয়ে গেলে যেভাবে ফোনেই চালাবেন স্মার্ট টিভি
স্মার্ট টিভির রিমোট খুঁজে পাচ্ছেন না? চিন্তার কিছু নেই। আপনার হাতে থাকা স্মার্টফোনটিকেই টিভির রিমোট হিসেবে ব্যবহার করা যায়। শুধু চ্যানেল পরিবর্তন বা শব্দ কমানো-বাড়ানো নয়, ফোনের কিবোর্ড ব্যবহার করে টিভিতে দ্রুত কোনো কিছু খুঁজেও দেখা যাবে।
বর্তমান সময়ের স্মার্ট টিভিতে এয়ারপ্লে, ভয়েস কন্ট্রোল ও স্মার্ট হাবের মতো নানা সুবিধা থাকলেও রিমোট কন্ট্রোল এখনো টিভি ব্যবহারের গুরুত্বপূর্ণ অংশ। তবে স্মার্ট টিভিতে আধুনিক সংযোগ প্রযুক্তি থাকায় অনেক ক্ষেত্রেই স্মার্টফোনকে রিমোট হিসেবে ব্যবহার করা সম্ভব।
ইনফ্রারেড সুবিধা থাকলে
কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইনফ্রারেড ব্লাস্টার থাকে। এসব ফোনে সাধারণত আগে থেকেই সার্বজনীন রিমোট অ্যাপ দেওয়া থাকতে পারে। ফোনে এমন সুবিধা থাকলে সেটিই টিভি নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ উপায়।
এ জন্য ফোনের ইনফ্রারেড রিমোট অ্যাপ চালু করে ‘ডিভাইস যোগ করুন’ অপশনে যেতে হবে। এরপর টিভির নির্মাতা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করতে হবে। অ্যাপটি কয়েকটি বোতাম চাপতে বলবে, যাতে টিভির জন্য সঠিক ইনফ্রারেড সংকেত শনাক্ত করা যায়। এই পদ্ধতির বড় সুবিধা হলো, ফোন দিয়েই টিভি চালু ও বন্ধ করা যায়। তবে স্যামসাং, গুগল বা অ্যাপলের বেশির ভাগ জনপ্রিয় স্মার্টফোনে বর্তমানে ইনফ্রারেড ব্লাস্টার নেই।
টিভির নিজস্ব অ্যাপ ব্যবহার
স্মার্ট টিভির অনেক প্ল্যাটফর্মেরই নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে। এসব অ্যাপে সাধারণত রিমোট কন্ট্রোলের সুবিধা থাকে।
গুগল টিভি বা অ্যান্ড্রয়েড টিভি ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ও আইফোনে গুগল টিভি অ্যাপ ব্যবহার করতে পারেন। ফোনে অ্যাপটি চালু করে ‘কানেক্ট টিভি’ অপশনে গিয়ে তালিকা থেকে নিজের টিভি নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে ফোন ও টিভিকে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত রাখতে হবে এবং উভয় ডিভাইসে ব্লুটুথ চালু রাখতে হবে।
রোকু টিভি বা রোকু স্ট্রিমিং স্টিকের জন্য রোকু মোবাইল অ্যাপ এবং ফায়ার টিভির জন্য ফায়ার টিভি অ্যাপ ব্যবহার করা যায়।
এসব অ্যাপে সাধারণ রিমোটের মতো দিকনির্দেশক বোতাম, শব্দ বাড়ানো-কমানোসহ বিভিন্ন নিয়ন্ত্রণ থাকে। সবচেয়ে বড় সুবিধা হলো, টিভিতে কোনো কিছু লিখে খোঁজার সময় ফোনের কিউডব্লিউইআরটিওয়াই কিবোর্ড ব্যবহার করা যায়। ফলে টিভির রিমোট দিয়ে একেকটি অক্ষর নির্বাচন করে লেখার ঝামেলা থাকে না।
অনেক অ্যাপে পছন্দের অনুষ্ঠান বা সিনেমার তালিকা তৈরি এবং সরাসরি টিভিতে বিভিন্ন অ্যাপ চালুর সুবিধাও থাকে। তবে ভার্চুয়াল রিমোট ব্যবহারের আগে অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টে সাইন ইন করতে হয়।
তৃতীয় পক্ষের সার্বজনীন রিমোট অ্যাপ
আইফোন ও অ্যাপল টিভি ব্যবহারকারীরা আলাদা অ্যাপ ছাড়াই ফোনের কন্ট্রোল সেন্টার থেকে রিমোট সুবিধা ব্যবহার করতে পারেন। সেখানে রিমোট আইকন না থাকলে ‘প্লাস’ চিহ্নে চাপ দিয়ে সেটি যুক্ত করা যায়।
অ্যান্ড্রয়েড ফোনে এ ধরনের সুবিধার জন্য বিভিন্ন তৃতীয় পক্ষের সার্বজনীন রিমোট অ্যাপ রয়েছে। এসব অ্যাপের মাধ্যমে ওয়াই-ফাই বা ইনফ্রারেড সংকেত ব্যবহার করে টিভি নিয়ন্ত্রণ করা যায়। তবে তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে অ্যাপটির নিরাপত্তা, গোপনীয়তা নীতি ও প্রয়োজনীয় অনুমতিগুলো দেখে নেওয়া ভালো।
ফোন দিয়ে টিভি চালু করা যাবে?
কিছু স্মার্ট টিভিতে ফোন ব্যবহার করে স্ট্যান্ডবাই অবস্থা থেকেও টিভি চালু করা যায়। এ জন্য টিভির নেটওয়ার্ক সেটিংসে ‘ওয়েক-অন-ল্যান’ সুবিধা চালু আছে কি না দেখতে হবে। কিছু টিভিতে আবার পাওয়ার সেটিংসে গিয়ে এনার্জি মোড ইনক্রিজড বা অপ্টিমাইজড নির্বাচন করতে হতে পারে।
অর্থাৎ, টিভির রিমোট হারিয়ে গেলে নতুন রিমোট কেনার আগেই স্মার্টফোনকে বিকল্প রিমোট হিসেবে ব্যবহার করে দেখতে পারেন। আপনার টিভির প্ল্যাটফর্ম ও ফোনের সুবিধা অনুযায়ী উপযুক্ত অ্যাপ ব্যবহার করলেই কাজটি সহজে করা সম্ভব।
সূত্র: এনগ্যাজেট

ফিচার ডেস্ক