টেকসই ভবিষ্যতের জন্য একযোগে কাজের তাগিদ ফকির মাহবুব আনামের
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন ইএসক্যাপ-এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ।
তিনি তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও অনিশ্চয়তা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক অংশীদারিত্ব ও সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
মন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্রগতির কথা তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, বিনিয়োগ আকর্ষণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। পাশাপাশি তরুণ ও নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে মন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি শুভেচ্ছা জানান।
এবারের অধিবেশন ‘লিভিং নো ওয়ান বিহাইন্ড: অ্যাডভান্সিং আ সোসাইটি ফর অল এজেস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ প্রতিপাদ্যে ২১ থেকে ২৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ।
ইউএন ইএসক্যাপ-এর নির্বাহী সচিব আর্মিদা সালসিয়া আলিসজাহবানা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জনে অগ্রগতি এখনও কাঙ্ক্ষিত নয়, তাই আঞ্চলিক সহযোগিতা ও নীতিগত সমন্বয় আরও জোরদার করা জরুরি।

এনটিভি অনলাইন ডেস্ক