আবুধাবি টেস্ট
এবার ভাঙল লিটন-মিরাজের প্রতিরোধও
ভালো খেলতে খেলতেই হঠাৎ ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। চা-বিরতির আগে ৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে জুটি গড়ে বাংলাদেশকে উদ্ধারের চেষ্টা করছিলেন মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস। অনেকটা সময় লড়াইও করেছিলেন তারা। তবে সেই প্রতিরোধও ভেঙেছে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের প্রথম দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭৩ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছে বাংলাদেশ। ৬৭ বলে ৪০ রানে অপরাজিত আছেন লিটন দাস। ৪ বল খেলে এখনো রানের দেখা পাননি নাঈম হাসান।
২ উইকেটে ২২১ রান থেকে হঠাৎ ৫ উইকেটে ২২৫ রান দাঁড়ায় বাংলাদেশের স্কোর। দলের বিপর্যয়ে হাল ধরেন লিটন আর মিরাজ। ষষ্ঠ উইকেটে পঞ্চাশ পেরোনো জুটি গড়ে ফেলেছিলেন তারা। ১৩০ বলে ৬২ রানের সেই জুটি ভাঙে মিরাজ ফিরলে। ৬৭ বলে ২৪ রান করে বোল্ড হয়ে যান মিরাজ।
অপরাজিত থাকা লিটনকে এবার সঙ্গ দিতে এসেছেন স্পিনার নাঈম হাসান।
হঠাৎ ব্যাটিং ধসে যেন পুরোনো রূপে ফিরল বাংলাদেশ
দুই ওপেনার দারুণ শুরু এনে দিলেন। দুজনই ফিরলেন হাফসেঞ্চুরি করে। প্রায় এক বছর পর ওপেনিংয়ে শতরানের জুটি পেয়েছিল বাংলাদেশ। ভালোই এগিয়ে যাচ্ছিল টাইগাররা। কিন্তু ভালো খেলতে খেলতেই যেন পুরোনো রূপে ফিরল বাংলাদেশ। শেষ ৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। চা-বিরতিতে গেছে চাপে থেকেই। প্রথম দিনে চা-বিরতির আগ পর্যন্ত ৫২ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছে বাংলাদেশ।
হাফসেঞ্চুরির কাছে গিয়ে মুমিনুল হক ফিরলে ব্যাটিংয়ে এসেছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার কাঁধে তখন বড় দায়িত্ব। কিন্তু মুশফিক সেই দায়িত্বের ভার আর নিতে পারলেন কোথায়? ফিরলেন রানের খাতা খোলার আগেই। ৭ বল খেলে কোনো রানের দেখা পাননি তিনি।
এরপর একই পথে হাঁটলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। বেশ খানিকটা সময় ব্যাটিং করে উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন তিনি। দলের বিপর্যয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল শান্তর। কিন্তু তিনিও ফিরলেন হতাশ করে। ৪২ বলে ২৯ রান করে আউট হয়েছেন শান্ত।
যেখানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ছিল ২২১, সেটি দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ২২৫ রান। এমন বিপর্যয়ের পর দায়িত্ব নিতে নেমেছেন লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ। চা-বিরতির বাকি সময়টা কাটিয়ে দেন তারা।
ফিরলেন সাদমান-মুমিনুল, দায়িত্ব এখন অভিজ্ঞদের কাঁধে
হাফসেঞ্চুরি করা সাদমান ইসলামের সামনেও সুযোগ ছিল সেঞ্চুরি করার। কিন্তু তিনিও পারলেন না। ফিরলেন এর আগেই। তিন উইকেট হারালেও বাংলাদেশ এখনো সাবলীল ব্যাটিং করে যাচ্ছে। ইতোমধ্যে ২০০ রান ছাড়িয়েছে টাইগাররা। ছুটছে বড় রানের দিকে। তবে এখন দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ ব্যাটারদের।
হাফসেঞ্চুরি করে খুব বেশি দূর যেতে পারেননি সাদমান। সেলিমের বুকসমান উচ্চতায় শর্ট বলে পুল খেলেছিলেন সাদমান। মাটিতে রাখতে চাইলেও পারেননি। বল চলে যায় স্কয়ার লেগে থাকা ফিল্ডার জিয়া-উর-রহমানের কাছে। ফেরার আগে ১১১ বলে ৬৭ রান করেন সাদমান।
দুই ওপেনার হাফসেঞ্চুরি করে ফেরার পর জুটি গড়েন তিন নম্বরে নামা মুমিনুল হক আর চার নম্বরে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে খুব বেশি বড় হয়নি তাদের জুটি। ৫৯ বলে ৩৭ রান আসে তাদের জুটি থেকে। মুমিনুল ফিরলে ভাঙে সেই জুটি। ৭০ বলে ৩৯ রান করে আউট হন মুমিনুল। অধিনায়ক শান্তকে সঙ্গ দিতে এসেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
হাফসেঞ্চুরি করলেন সাদমানও, দাপুটে ব্যাটিং বাংলাদেশের
প্রথম সেশন পার করে দ্বিতীয় সেশনেও আফগানিস্তানের বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। সেঞ্চুরির কাছে গিয়ে তানজিদ হাসান তামিম ফিরলেও পুরোপুরি টেস্ট মেজাজে ব্যাট করছেন ওপেনার সাদমান ইসলাম। তিনিও তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। তাদের দাপুটে পারফরম্যান্সে বড় রানের দিকে ছুটছে বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই দেখেশুনে খেলছিলেন সাদমান। দায়িত্বশীল ব্যাটিংয়ে উইকেটে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। তামিমের পরে জুটি গড়েছেন মুমিনুল হকের সঙ্গে। তাদের দ্বিতীয় উইকেটের জুটিও পঞ্চাশের কাছাকাছি চলে গিয়েছে।
এরই মাঝে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। টেস্ট ক্রিকেটে এটি তার নবম হাফসেঞ্চুরি। তিনিও ছুটছেন সেঞ্চুরির পথে। অপেক্ষা সেটিকে পূর্ণতা দেওয়ার।
দাপুটে প্রথম সেশনে বাংলাদেশের আক্ষেপ কেবল তামিমের সেঞ্চুরি
ফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা দারুণ কাটল বাংলাদেশের। শুরু থেকেই দাপুটে ব্যাটিং করলেন ওপেনার তানজিদ হাসান তামিম আর সাদমান ইসলাম। দুজনের ব্যাটিংয়ে ভর করে প্রায় একবছর পর টেস্টে ওপেনিং জুটিতে সেঞ্চুরি পেল বাংলাদেশ। দারুণ সেশন কাটালেও বাংলাদেশের আক্ষেপ তামিমের সেঞ্চুরি মিস। প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির আগে ২৬ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে বাংলাদেশ।
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে তামিম ফেরার পর আফগান বোলারদের আর কোনো সুযোগ দেননি মুমিনুল সাদমান। প্রথম সেশনের বাকি সময়টা সাবলীল ব্যাটিং করেই কাটিয়ে দেন তারা। এতে স্বস্তির সকাল শেষ করে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ।
সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরলেন তামিম, শতক পেরিয়ে ছুটছে বাংলাদেশ
ক্রিকেটের অভিজাত ফরম্যাটে বাংলাদেশ ক্রমনেই উন্নতি করছে তার আরেকটি বহিঃপ্রকাশ ঘটছে আফগানিস্তানের বিপক্ষে। দাপুটে ব্যাটিংয়ে আফগান বোলারদের শাসন করছিলেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। সেঞ্চুরির আশা জাগিয়ে অবশেষে ফিরলেন তামিম। তবে এরই মধ্যে শতক পেরিয়ে গেছে বাংলাদেশ।
ইনিংসের শুরু থেকেই সাদমান কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও তামিম ছিলেন আগ্রাসী। অনেকটা ওয়ানডে মেজাজেই ব্যাট করছিলেন তিনি। হাফসেঞ্চুরি তুলে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তার আগেই অবশ্য থামতে হয়েছে তাকে। ইসমত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭১ বলে ৮৩ রান করেছেন তামিম।
সাদমানকে সঙ্গ দিতে এসেছেন মুমিনুল হক। এই দুই ব্যাটারের দায়িত্ব নিতে হবে এখন।
তামিমের হাফসেঞ্চুরি, বড় রানের পথে হাঁটছে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ছন্দ দেখিয়েছিলেন তানজিদ হাসান তামিম। সেটি ধরে রাখলেন আফগানিস্তানের বিপক্ষেও। তাকে সঙ্গ দিতে গিয়ে ভুল করেননি আরেক ওপেনার সাদমান ইসলামও। এই দুজনের ব্যাটে ভর করে আফগানদের বিপক্ষে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে আলোচনা হলেও কোনো পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে সাদমান আর তামিমের ওপরই ভরসা রাখে বাংলাদেশ। সেটার প্রতিদানও দিচ্ছেন তারা। আফগান বোলারদের কোনো সুযোগ না দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই দুই ওপেনার।
সাদমান কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও আগ্রাসী ভঙ্গিতে খেলছেন তামিম। অনেকটা টি-টোয়েন্টি স্টাইলে বলা যায়। ইতোমধ্যে হাফসেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার হাফসেঞ্চুরি করলেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম হাফসেঞ্চুরিকে রূপান্তর করেছিলেন সেঞ্চুরিতে।
এই দুজনের জুটিতে ভর করে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
একাদশে কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়
বাংলাদেশ-আফগানিস্তানের এই টেস্ট ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবুও এ ম্যাচে কোনো পরীক্ষায় যায়নি বাংলাদেশ। ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখেই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তবে একাদশে ফিরেছেন স্পিনার নাঈম শেখ।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী।
টসে জিতে ব্যাট করবে বাংলাদেশ
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে তাদের মাটিতে। সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জে বাংলাদেশের সামনে আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর আফগানিস্তান। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

স্পোর্টস ডেস্ক