এশিয়ান গেমস
চীনের কাছে বড় ব্যবধানে হেরে যাত্রা শুরু বাংলাদেশের
বাংলাদেশের নারী হকি দল এশিয়ান গেমসে নিজেদের পুল পর্ব শুরু করল বড় হার দিয়ে। পুরো ম্যাচেই বাংলাদেশের ওপর একতরফা আধিপত্য করেছে শক্তিশালী চীন। গোলের পর গোল হজম করলেও বাংলাদেশ কোনো গোলের দেখা পায়নি। ফলে তেতো অভিজ্ঞতা নিয়ে এশিয়ান গেমসে নিজেদের প্রথম যাত্রা শুরু করলো বাংলাদেশ।
এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের নারী দল। তবে অভিষেকের শুরুটা সুখকর হলো না সারিকা-রিয়াদের। পুল ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে চারবারের এশিয়ান গেমসের স্বর্ণজয়ী চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের খাতা খোলে চীন। এরপর পুরো ম্যাচজুড়েই চলতে থাকে তাদের গোলের বন্যা। ৫৭তম মিনিটে আসে চীনের শেষ গোলটি।
প্রথম ও তৃতীয় কোয়ার্টারে চারটি করে গোল করে চীন। দ্বিতীয় কোয়ার্টারে তিনটি এবং শেষ কোয়ার্টারে আরও দুটি গোল করে তারা।
চীনের হয়ে সর্বোচ্চ তিনটি গোল করেন ঝং জিয়াকি। জৌ মেইরং, চেন ইয়াং ও চেন ই করেন দুটি করে গোল। এছাড়া লি হং, মা নিং, ঝ্যাং ইয়াং ও ইয়ান লুই একটি করে গোল করেন।
এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক