টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি
ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই সংস্করণেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। তবে সে অধ্যায় এখন শেষ করতে যাচ্ছেন জ্যোতি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন জ্যোতি। আসন্ন এশিয়ান গেমস শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপান থেকে চিঠির মাধ্যমে বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন জ্যোতি। বিসিবি সভাপতি তামিম ইকবালও তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকবাজ।
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান জ্যোতি। মূলত ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই সংক্ষিপ্ত সংস্করণে নেতৃত্বের চাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২২ সালে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান নিগার সুলতানা জ্যোতি। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তিনিই সামলেছেন দলটির নেতৃত্ব। তার অধীনে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে উল্লেখযোগ্য কিছু সাফল্যও এসেছে।
এর মধ্যে সবচেয়ে স্মরণীয় সাফল্য আসে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচসহ পুরো টুর্নামেন্টে ব্যাট ও গ্লাভস হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিগার। চার ইনিংসে করেন ১০৪ রান এবং উইকেটের পেছনে নেন সাতটি ডিসমিসাল।
তবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারে ২-১ ব্যবধানে।
স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও মিশ্র ফল পেয়েছে বাংলাদেশ। এরপর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র দুটিতে। এসব ফলাফলের কারণে টি-টোয়েন্টিতে নিগারের নেতৃত্ব নিয়েও আলোচনা তৈরি হয়েছিল।
এদিকে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হারের পর জ্যোতির অধিনায়কত্ব আবারও আলোচনায় আসে। টসের সময় ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত না মেলানোর ঘটনায় বিতর্ক তৈরি হয়। বিসিবি অবশ্য জানিয়েছিল, সেটি নিগারের ব্যক্তিগত সিদ্ধান্ত, বোর্ডের সিদ্ধান্ত নয়। তবে ওই ঘটনার আগেই নিগার টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে এখন জানা যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক