মেসির দৃষ্টিনন্দন গোলের পরও হতাশায় ডুবল মায়ামি
নিজের পায়ের জাদুতে বল জালে জড়াচ্ছেন, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন--তবুও মেজর লিগ সকারের চলতি মৌসুমটা যেন কিছুতেই নিজেদের মতো করে নিতে পারছে না লিওনেল মেসির ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে দৃষ্টিনন্দন গোলে দলকে এগিয়ে দিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) নাটকীয় ম্যাচে যোগ করা সময়ে গোল হজম করে ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল। চতুর্থ মিনিটে অ্যান্ডি নাজারের পাস থেকে মায়ামির জালে বল জড়ান স্যাম সারিজ। চলতি মৌসুমে এটি তার ১৪তম গোল।
তবে তাদের সেই উদযাপন বেশি সময় স্থায়ী হয়নি। ম্যাচের ১৯তম মিনিটেই সমতায় ফেরে মায়ামি। প্রতিপক্ষের রিড বাকের-হোয়াইটিংয়ের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে সফরকারীরা।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে মায়ামিকে এগিয়ে দেন মেসি। ৬২তম মিনিটে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকেই প্রথম স্পর্শে বাঁ পায়ের বাঁকানো শটে ন্যাশভিলের জালে বল পাঠান মেসি। চলতি মৌসুমে এমএলএসে এটি মেসির ১৯তম গোল।
মায়ামির সমর্থকরা যখন জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল, তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ন্যাশভিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান স্যাম সারিজ।
ফলে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। এ নিয়ে চলতি মৌসুমে মায়ামির বিপক্ষে চার ম্যাচ খেলে একটিতেও হারেনি ন্যাশভিল।

স্পোর্টস ডেস্ক