টানা তিন হারে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ
আগের দুই ম্যাচে হেরে নিশ্চিত হয়ে গিয়েছিল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের। শেষ ম্যাচটি ছিল অন্তত জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার। সেটিও পারেনি বাংলাদেশ। হাতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়ে টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। টুর্নামেন্টে সবচেয়ে দৃষ্টিকটু বিষয় হলো- তিন ম্যাচ খেলে একটি গোলও করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ২৫তম মিনিটে ড্যানি মেইতেইয়ের গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে খুব বেশি সময় নেয়নি তারা। ৬০তম মিনিটে গোল করেন বিশাল যাদব। শেষদিকে মোহাম্মদ আরবাসে আবারও বাংলাদেশের জালে বল জড়িয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
এই হারে বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতেই হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারে জেরার্ড জোন্সের দল। শেষ ম্যাচে ভারতের কাছেও একই ব্যবধানে হারল তারা। তিন ম্যাচে ৮ গোল হজম করলেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি বাংলাদেশ।
‘বি’ গ্রুপে তাই ৩ ম্যাচে কোনো পয়েন্ট ছাড়াই তলানিতে থেকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের অভিযান শেষ করল বাংলাদেশ। এশিয়ান কাপের মূল পর্বে যেতে আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপের সুযোগ ছিল।

স্পোর্টস ডেস্ক