এবার ইসলাম গ্রহণ নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস
ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন-- এমন গুঞ্জন ছড়িয়েছিল ফুটবল বিশ্বে। মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর থেকেই মূলত এই আলোচনা শুরু হয়। এমনকি মসজিদুল হারামের ইমাম তাকে ইসলাম গ্রহণ করা নিয়ে অভিনন্দনও জানান।
যদিও এ বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্লোস কিংবা তার পরিবার থেকে কিছু বলা হচ্ছিল না। তবে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার এই বিষয়ে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা।
তুরস্কের কয়েকটি গণমাধ্যম এবং ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের দাবির সূত্র ধরে খবর ছড়িয়ে পড়েছিল যে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার কাছে গিয়ে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৫৩ বছর বয়সি কার্লোস।
তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বুধবার (১৯ আগস্ট) সৌদি আরবভিত্তিক প্রভাবশালী পত্রিকা ‘ওকাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তার ইসলাম গ্রহণের খবরটি ‘সত্য নয়’।
ওকাজ-কে কার্লোস বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা একেবারেই সত্য নয়।’
যে বিয়ের অনুষ্ঠান নিয়ে এত আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে সাবেক এই ব্রাজিল তারকা বলেন, ‘আমাদের বিয়ের অনুষ্ঠান একাধিক ধরনের হয়েছিল। আমার পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান করেছি, কারণ তারা ক্যাথলিক ধর্মের অনুসারী। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য আরেকটি ছোট অনুষ্ঠানও করা হয়েছিল।’
এর আগে গত মঙ্গলবার বিশ্বজুড়ে আলোচনা শুরু হয় রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর নিয়ে। মূলত তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি বার্তা দেন ওই সংসদ সদস্য।

স্পোর্টস ডেস্ক