সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে হত্যার হুমকি
ভারতের সাবেক সফল অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েক মাসে হুঁশিয়ারি দিয়ে সৌরভকে বেশকিছু চিঠি পাঠানো হয়েছে। এরমধ্যে একটি চিঠিতে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) সর্বশেষ হুমকি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভ গাঙ্গুলি। এরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত প্রায় ছয় মাস ধরেই সৌরভের ঠিকানায় এ ধরনের চিঠি আসছিল। তবে বিষয়টি প্রথমে আমলে নেওয়া হয়নি। কিন্তু সোমবার তার দপ্তরে দুটি চিঠি আসার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেগুলোতে তাকে, তার স্ত্রীকে এবং পরিবারের ঘনিষ্ঠজনদের বড় ধরনের ক্ষতি করার সুস্পষ্ট হুমকি দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হুমকি ভরা এই চিঠিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে এই চিঠিগুলো পাঠানোর সন্দেহ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা জানান, তদন্তকারীরা চিঠিগুলোর বিষয়বস্তু খতিয়ে দেখছেন এবং প্রেরকের পরিচয় ও উদ্দেশ্য জানার চেষ্টা করছেন। পুলিশের সেই উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযোগটিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং তদন্ত শুরু করেছি। দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে আমরা চিঠিগুলো, সেগুলোর উৎস এবং কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখছি।’
প্রেরককে শনাক্ত করতে ইতোমধ্যে কুরিয়ার এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পাশাপাশি চিঠির সঙ্গে যুক্ত একটি মোবাইল নম্বরের গতিবিধি ও অবস্থান ট্র্যাক করে মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সব কটি চিঠি একই ব্যক্তি পাঠিয়েছেন কি না এবং এর পেছনে আসল রহস্য কী, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্পোর্টস ডেস্ক