বিশ্বকাপের সেরা একাদশে চমক, জায়গা পেলেন কারা?
শিরোপা জয়ীদের পাশাপাশি বিশ্বকাপ জুড়ে আলো ছড়ানো তারকাদের নিয়েই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই দলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স থেকে সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে গোলরক্ষকের নাম। গোল্ডেন গ্লাভসজয়ী উনাই সিমোনকে বাদ দিয়ে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহাকে বেছে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
৪০ বছর বয়সী ভোজিনহা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনায় আসেন। পুরো আসরে তিনি ১৮টি সেভ করেন। যা গোলরক্ষকদের মধ্যে অষ্টম সর্বোচ্চ। সবচেয়ে বেশি ২৮টি সেভ করেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল।
রক্ষণভাগে নির্বাচিত হয়েছেন স্পেনের পেদ্রো পোরো ও মার্ক কুকুরেলা, ফ্রান্সের দায়ো উপামেকানো এবং আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ। পোরো ও কুকুরেলা স্পেনের রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের দল পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে।
তবে স্পেনের দুই সেন্টার-ব্যাক আইমেরিক লাপোর্তে ও পাও কুবার্সিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে কুবার্সি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের (বেস্ট ইয়াং প্লেয়ার) পুরস্কার জিতেছিলেন।
অন্যদিকে, ফাইনালে চোট পাওয়ার আগে আর্জেন্টিনার আট ম্যাচের সাতটিতে খেলেছেন লিসান্দ্রো মার্তিনেজ। আর উপামেকানোর নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত মাত্র দুটি গোল হজম করে ফ্রান্স।
মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ইংল্যান্ডের জুড বেলিংহাম ও ফ্রান্সের মাইকেল ওলিসে। বিশ্বকাপজয়ী স্পেনের প্রাণভোমরা রদ্রি জিতেছেন গোল্ডেন বল। ওলিসে টুর্নামেন্টে সাতটি অ্যাসিস্ট করে ১৯৫৮ সালে রেমন্ড কোপার গড়া আট অ্যাসিস্টের রেকর্ড স্পর্শের খুব কাছাকাছি পৌঁছান। অন্যদিকে, সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে তৃতীয় হন বেলিংহাম।
আক্রমণভাগে জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও আর্লিং হল্যান্ড। ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জেতার পাশাপাশি তিনটি বিশ্বকাপে মোট ২২ গোল করে নতুন সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন এমবাপ্পে।
অন্যদিকে, ৩৯ বছর বয়সেও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনাকে গত চার বিশ্বকাপের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে তুলেছেন মেসি। তিনি টুর্নামেন্ট শেষ করেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে। আর নরওয়ের হয়ে ৭ গোল করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্লিং হল্যান্ড।
ফিফা বিশ্বকাপের সেরা একাদশ
গোলকিপার : ভোজিনহা (কেপ ভার্দে)
ডিফেন্ডার : পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেলা (স্পেন)
মিডফিল্ডার : জুড বেলিংহাম (ইংল্যান্ড), রদ্রি (স্পেন), মাইকেল অলিসে (ফ্রান্স)
ফরোয়ার্ড : লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

স্পোর্টস ডেস্ক