স্পেনকে সতর্ক করে যা বললেন বিশ্বকাপ জয়ী কোচ
ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালের মঞ্চ প্রস্তুত। আগামীকাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও দুর্দান্ত ফর্মে থাকা স্পেন। এই মহারণের আগে স্পেনকে সতর্ক করলেন ২০১০ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কোচ ভিসেন্তে ডেল বোস্কে। ৭৫ বছর বয়সী এই মাস্টারমাইন্ড তার দেশের খেলোয়াড়দের লিওনেল মেসির আর্জেন্টিনাকে বিন্দুমাত্র হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডেল বোস্কে বলেন, ‘আর্জেন্টিনা অত্যন্ত কঠিন এবং কৌশলী এক প্রতিপক্ষ। ম্যাচ কীভাবে বের করে নিতে হয়, তা তারা খুব ভালো করেই জানে।’
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার সেই দুর্দান্ত জয়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য ক্ষমতা ও অভিজ্ঞতায় ঠাসা এই দলটি। তাদের কোনোভাবেই খাটো করে দেখার অবকাশ নেই।’
তবে চলতি বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্সে ডেল বোস্কে দারুণ মুগ্ধ। তিনি মনে করেন, টুর্নামেন্টজুড়ে স্পেন যেভাবে দাপট দেখিয়ে খেলেছে, তাতে শিরোপা তাদের হাতে ওঠার সম্ভাবনাই বেশি। ডেল বোস্কে বলেন, ‘এখন পর্যন্ত সব ম্যাচেই স্পেন মাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছিল। প্রবল আত্মবিশ্বাস নিয়ে খেলেছে তারা। শিরোপা জয়ের জন্য এটিই সেরা সুযোগ।’
তবুও সাবধানী হওয়ার পরামর্শ দিয়ে এই কিংবদন্তি কোচ বলেন, ‘আর্জেন্টিনার অভিজ্ঞতার কথা মাথায় রেখে স্পেনের প্রতিটি খেলোয়াড়কে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থেকে খেলতে হবে।’
এদিকে, ফাইনাল ম্যাচের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মাঠ নিয়ে ফুটবলারদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে মাঠের কন্ডিশন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এর ওপর আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফাইনালের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্পোর্টস ডেস্ক