ফিফার তদন্তের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের উদ্যাপন নিয়ে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। জয়ের পর মাঠের ভেতর রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শন করায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসোকে হাতে একটি ব্যানার নিয়ে গ্যালারির উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। ব্যানারটিতে লেখা ছিল— ‘লাস মালভিনাস সন আরহেনতিনাস’, যার অর্থ দাঁড়ায় ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’। এই ব্যানার প্রদর্শনের ঘটনায় যুক্তরাজ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ফিফা জানিয়েছে, তারা এখন ম্যাচের রিপোর্টগুলো যাচাই-বাছাই করছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
ফিফার এক মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছে, ‘ফিফার স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি বর্তমানে ম্যাচের রিপোর্টগুলো খতিয়ে দেখছে এবং ফিফার শৃঙ্খলা বিধির আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে সার্বিক পরিস্থিতি বিবেচনা করছে।’
নিয়ম অনুযায়ী, যদি কোনো দল ফিফার শৃঙ্খলা বিধি লঙ্ঘন করে, তবে তাদের বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়। সাধারণত এই ধরনের ভুলের জন্য ৫ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত জরিমানা করার নজির রয়েছে।
এদিকে, ব্যানারটি মাঠের ভেতর কীভাবে এল এবং কারা এটি এনেছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ফিফার নিয়ম অনুযায়ী, খেলাধুলার মঞ্চে রাজনীতির কোনো স্থান নেই। তবুও সেমিফাইনালের মতো এমন বড় ম্যাচে খেলোয়াড়দের এমন আচরণ অবাক করেছে ফুটবল বিশ্বকে।
তদন্তের মুখে পড়া আর্জেন্টিনা দল এখন ব্যস্ত আগামী রোববারের ফাইনাল নিয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

স্পোর্টস ডেস্ক