আর্জেন্টিনার বিপক্ষে হেরে রেফারিকে দুষলেন সুইজারল্যান্ড ডিফেন্ডার
শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন পূরণ করতে পারেনি সুইজারল্যান্ড। অতিরিক্ত সময়ের নাটকীয়তায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। তবে এই হার সহজে মেনে নিতে পারছেন না সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। তার দাবি, মাঠের পারফরম্যান্সে সুইজারল্যান্ডই ছিল এগিয়ে, আর কিছু সিদ্ধান্ত ভিন্ন হলে ম্যাচের ফলও বদলে যেতে পারত।
ম্যাচ শেষে আকাঞ্জি বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি, তা নিয়ে আমি এই দলকে নিয়ে ভীষণ গর্বিত। আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি। কিন্তু তারা আমাদের বিপক্ষে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে তাদের পরিষ্কার গোলের সুযোগও খুব কম ছিল।’
ম্যাচের চিত্র নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘যদি ১১ জনে ১১ জন ম্যাচ শেষ করতে পারতাম, তাহলে সবাই দেখতে পেত খেলার গতি ধীরে ধীরে আমাদের দিকে চলে আসছিল। যখন আপনি জানেন ম্যাচ জেতার সামর্থ্য আপনার ছিল, তখন এভাবে বিদায় নেওয়া খুবই কষ্টের।’
রেফারিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আকাঞ্জি। সাধারণত রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন না জানিয়ে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে এমন একপেশে ম্যাচ খুব কম দেখেছি, যেখানে ছোট ছোট সিদ্ধান্তগুলোও এক দলের বিপক্ষে গেছে।’
ম্যাচের শেষদিকে ভিএআরের সহায়তায় ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের সুইজারল্যান্ড অতিরিক্ত সময়ে দুই গোল হজম করে ৩-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

স্পোর্টস ডেস্ক