নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি
বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলে এনেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা লিওনেল মেসি। তবে মাঠের পারফরম্যান্সের মাঝেই নতুন এক শঙ্কা তৈরি হয়েছে তাকে ঘিরে।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। আর্জেন্টিনা যদি সেই পর্যন্ত পৌঁছায়, তবে টানা ম্যাচ খেলে ক্লান্তির বিষয়টি বড় হয়ে উঠতে পারে। ঠিক তার ১০ দিন পর, অর্থাৎ ২৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা মেজর লিগ সকারের অল-স্টার ম্যাচ।
এমন পরিস্থিতিতে ফাইনাল পর্যন্ত খেললে বিশ্রামের প্রয়োজনের কারণে মেসি অল-স্টার ম্যাচটি মিস করতে পারেন। আর সেখানেই তৈরি হচ্ছে নিষেধাজ্ঞার ঝুঁকি।
এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে, তাকে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী লিগ ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এই নিয়মের উদাহরণ রয়েছে সাম্প্রতিক অতীতেও। গত বছর অতিরিক্ত ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচ থেকে সরে দাঁড়ান মেসি। একই সিদ্ধান্ত নেন তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাও। ফলে দুজনকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছিল।

স্পোর্টস ডেস্ক