বেলজিয়াম ম্যাচের আগে বড় সুখবর পেল যুক্তরাষ্ট্র
বেলজিয়ামের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তি পেল যুক্তরাষ্ট্র। বিতর্কিত লাল কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়া তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে খেলার অনুমতি দিয়েছে ফিফা। শৃঙ্খলা কমিটি তার নিষেধাজ্ঞা স্থগিত করায় শেষ ষোলোর লড়াইয়ে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারবে যুক্তরাষ্ট্র।
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে ভিডিও পর্যালোচনার পর বালোগুনকে লাল কার্ড দেখানো হয়। তবে ঘটনাটি পুনর্বিবেচনা করে ফিফার শৃঙ্খলা কমিটি তার এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে একই ধরনের গুরুতর অপরাধ করলে আগের শাস্তি কার্যকর হবে।
বালোগুনকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়। যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো বলেন, এটি কখনোই লাল কার্ডের মতো ঘটনা ছিল না। সাবেক ফিফা রেফারি ও ফুটবল নিয়ম বিশ্লেষক ক্রিস্টিনা আনকেলের মতেও, ঘটনাটি ভিডিও সহকারী রেফারির হস্তক্ষেপের মতো স্পষ্ট ছিল না।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন ২৫ বছর বয়সী বালোগুন। তিন গোল করে তিনি এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা। তাই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তার ফেরা দলটির জন্য বড় শক্তি হয়ে এসেছে।

স্পোর্টস ডেস্ক