ব্রাজিল ম্যাচের আগে যে লক্ষ্যের কথা জানালেন নরওয়ে কোচ
লাতিন সৌন্দর্যের সঙ্গে ইউরোপের গতি—শেষ ষোলোয় ব্রাজিল-নরওয়ে ম্যাচকে এভাবেই দেখছে অনেকে। বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে পরস্পর মুখোমুখি হবে তারা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সেরা পারফর্ম করে নরওয়ের চোখ এখন কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচকে ঘিরে বাড়তি চাপ নয়, বরং নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কোচ স্টালে সলবাক্কেন।
নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে ইতিহাসের দিক থেকে এগিয়ে ব্রাজিল। শেষ ষোলোতে নিজেদের শেষ ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে নরওয়ে, যারা আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম নকআউট জয় পেয়েছে।
দলের আক্রমণের মূল ভরসা আর্লিং হালান্ড। ইতোমধ্যে টুর্নামেন্টে ৫ গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড। টানা ম্যাচে গোল করার ধারাবাহিকতাও ধরে রেখেছেন তিনি, যা নরওয়ের জন্য বড় আশার জায়গা।
কোচ সলবাক্কেন বলেন, ‘দল হিসেবে খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচের গুরুত্ব বা প্রতিপক্ষের নাম দেখে খেলার ধরণ বদলালে চলবে না। নিজেদের পরিকল্পনা ঠিক রেখে খেলতে পারলেই ইতিবাচক ফল পাওয়া সম্ভব।’
অন্যদিকে ব্রাজিলের আক্রমণভাগও সমান ভয়ংকর। ভিনিসিয়াস জুনিয়রের গতি ও দক্ষতা নরওয়ের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই রক্ষণে সমন্বয় এবং দলগত পারফরম্যান্সের ওপর জোর দিচ্ছে নরওয়ের কোচিং স্টাফ।
পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে ব্রাজিল প্রতি ম্যাচে গড়ে ১৫টি শট নিয়েছে। যা প্রতিপক্ষের জন্য বাড়তি সতর্কবার্তা। ব্রাজিলের আক্রমণভাগের গভীরতা মাথায় রেখে রক্ষণ নিয়ে সতর্ক নরওয়ে কোচ, সাজিয়ে রেখেছেন পরিকল্পনা।
সলবাক্কেন বলেন ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ৯০ বা ১২০ মিনিট–যে কোনো সময় আমাদের হয়তো রক্ষণ সামলাতে হতে পারে। সেই সময়টাতেও আমাদের সেরা মনোযোগ ধরে রাখতে হবে। আমরা যেন পরিস্থিতির চাপে পড়ে না গিয়ে নিজেদের স্বাভাবিক সহজাত ফুটবলটাই খেলতে পারি, সেটাই মূল লক্ষ্য।’

স্পোর্টস ডেস্ক