আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড
বল দখলে এগিয়ে ছিল আলজেরিয়া। পাসও দিয়েছে বেশি, পাসের সফলতার হারও ছিল ভালো। কিন্তু ফুটবলে শেষ কথা গোল। আর সেখানেই পার্থক্য গড়ে দিল সুইজারল্যান্ড। কার্যকর ফুটবল খেলেই আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সুইসরা।
ভ্যাঙ্কুবারে আজ শুক্রবার (৩ জুলাই) এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইসরা। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। একই সঙ্গে ১৯৩৮ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের এটি প্রথম জয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সুইজারল্যান্ড। তার ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ১০ মিনিটেই ব্রিল এমবোলো গোল করে দলকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ার পর বলের নিয়ন্ত্রণ বাড়ায় আলজেরিয়া। তবে সুইস রক্ষণ ভাঙার মতো ধারালো আক্রমণ গড়ে তুলতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে ড্যান এনদোয়ে গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় সুইসদের হাতে। এরপর আলজেরিয়া বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোলের দেখা পায়নি।
দ্বিতীয় গোল হজমের পরপরই অধিনায়ক রিয়াদ মাহরেজ একটি ভালো সুযোগ পেলেও তার শট সুইস ডিফেন্ডাররা ব্লক করে দেন। এরপর আর উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি আফ্রিকার দলটি। অন্যদিকে অভিজ্ঞ গ্রানিত জাকা ও রেমো ফ্রয়েলার মাঝমাঠে দারুণ নিয়ন্ত্রণ রেখে ম্যাচের গতি নিজেদের পক্ষে ধরে রাখেন। সুসংগঠিত রক্ষণভাগও আলজেরিয়ার সব চেষ্টা ব্যর্থ করে দেয়।
পরিসংখ্যান বলছে, ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল আলজেরিয়া। তাদের দখলে ছিল ৫৫ শতাংশ বল, যেখানে সুইজারল্যান্ডের ছিল ৪৫ শতাংশ। পাসও বেশি দিয়েছে আলজেরিয়ানরা—৫১৩টি, সফলতার হার ৮৮ শতাংশ।
সুইজারল্যান্ড ৩৯৭টি পাস খেলেছে, যার ৮৫ শতাংশ ছিল সফল।
তবে গোলমুখে ছিল সুইজারল্যান্ডই বেশি কার্যকর। তারা ১১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। আলজেরিয়া ৮টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ২টি। কর্নারেও ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল সুইজারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক