মাঠ জুড়ে পর্তুগালের দাপট, তবুও গোলশূন্য প্রথমার্ধ
এই ম্যাচে কাউকে ফেভারিট বলা ছিল দুঃসাহসিক এক কাজ। তবুও পর্তুগালকে এগিয়ে রেখেছিল সুপার কম্পিউটার। এই ম্যাচে সেই নজির-ই গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। বল দখলে রেখে ক্রোয়াটদের রক্ষণে বেশ কয়েকবার হানা দিল পর্তুগাল। তবে ক্রোয়াটদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোরা। ক্রোয়েশিয়াও দেখাতে পারেনি অবিশ্বাস্য কিছু। তাই আর গোলের দেখা পাওয়া হয়নি কোনো দলেরই।
আজ শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় কানাডার টরন্টোতে শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছে পর্তুগাল আর ক্রোয়েশিয়া। প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় ম্যাচ।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেয় পর্তুগাল। মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেস ও ভিতিনহার পাসিংয়ে খেলা নিয়ন্ত্রণে রেখে ডান ও বাম দুই দিক থেকেই আক্রমণ সাজাতে থাকে তারা। বিশেষ করে বাম দিক দিয়ে রাফায়েল লেয়াও বারবার ক্রোয়েশিয়ার রক্ষণ ভাঙার চেষ্টা করেন।
১০ থেকে ২০ মিনিটের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য আক্রমণ করে পর্তুগাল। বক্সের বাইরে থেকে ব্রুনো ফার্নান্দেসের শট লক্ষ্যে থাকলেও সহজেই আটকে দেন গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। কিছুক্ষণ পর লেয়াওর গতিময় দৌড় থেকে তৈরি হওয়া সুযোগ থেকেও গোল পায়নি দলটি।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোও আক্রমণে যুক্ত হন। ডান প্রান্ত থেকে ক্রস পেয়ে হেড করার চেষ্টা করলেও তা লক্ষ্যে রাখতে পারেননি তিনি।। অন্যদিকে, কর্নার ও সেট পিস থেকেও সুবিধা নিতে ব্যর্থ হয় পর্তুগাল।
ক্রোয়েশিয়া শুরুতে চাপে থাকলেও মাঝে মাঝে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করে। ইভান পেরিসিচ ও আন্তে বুদিমিরের মাধ্যমে কয়েকটি কাউন্টার অ্যাটাক গড়ে ওঠে, তবে শেষ পর্যন্ত তা গোলে রূপ নেয়নি।
পুরো প্রথমার্ধে বল দখল, পাস ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। তারা প্রতিপক্ষের অর্ধে দীর্ঘ সময় কাটালেও ফিনিশিংয়ের অভাবে গোলশূন্যই থাকতে হয়। অন্যদিকে ক্রোয়েশিয়া রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় ছিল।

স্পোর্টস ডেস্ক