পর্তুগাল-ক্রোয়েশিয়ার লড়াইয়ে কারা জিতবে? ভবিষ্যদ্বাণী করল সুপারকম্পিউটার
২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের মুখোমুখি হয়ে ফাইনাল খেলেছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। অন্যদিকে, সেই তুলনায় বিশ্বকাপের মঞ্চে তেমন কোন বড় সাফল্য পায়নি পর্তুগাল। এবার ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। টরন্টোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।
পরিসংখ্যান অনুযায়ী, এই ম্যাচে এগিয়ে রয়েছে পর্তুগাল। অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস বলছে, নির্ধারিত ৯০ মিনিটে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.২ শতাংশ। বিপরীতে, ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯.৫ শতাংশ। ড্রয়ের সম্ভাবনা ২৪.৩ শতাংশ। আর সেটি হলে ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না এলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।
এছাড়া সামগ্রিকভাবেও পর্তুগালকেই এগিয়ে রাখছে সুপারকম্পিউটার। তাদের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৬৮.৭ শতাংশ। শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪.৪ শতাংশ। অন্যদিকে, ক্রোয়েশিয়ার শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা ৩১.৩ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ০.৬ শতাংশ।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেও গোলের দেখা পাননি তিনি। যদিও গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই পর্তুগিজ তারকা।
গ্রুপ পর্বে পর্তুগাল বল দখল ও পাসিংয়ে আধিপত্য দেখালেও গোলের সংখ্যায় কিছুটা পিছিয়ে ছিল। অন্যদিকে, ক্রোয়েশিয়া শুরুর হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে জায়গা করে নেয় নকআউটে।
মুখোমুখি পরিসংখ্যানেও পর্তুগালের দাপট স্পষ্ট। ১০ দেখায় ৭ জয় তাদের, হার মাত্র একটি। প্রতিযোগিতামূলক ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এখনো অপরাজিত তারা। সবমিলিয়ে কাগজে-কলমে এগিয়ে থাকলেও ম্যাচটি যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গড়াবে, তা বলাই যায়।

স্পোর্টস ডেস্ক