নয়্যারের রেকর্ডের দিনেও হতাশার গল্প
বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন ম্যানুয়েল নয়্যার। কিন্তু তার সেই অর্জনের দিনটিই পরিণত হলো হতাশার গল্পে। শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি।
এই ম্যাচে খেলতে নেমে বিশ্বকাপে জার্মানির হয়ে ২৩তম ম্যাচ শুরু করেন নয়্যার। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান লোথার ম্যাথাউস ও মিরোস্লাভ ক্লোসেকে, যাদের ছিল ২২টি করে ম্যাচ খেলার রেকর্ড।
বস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল জার্মানির। বল দখল, আক্রমণ সবকিছুতেই এগিয়ে থেকেও গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো ৪২তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেড করে প্যারাগুয়েকে এগিয়ে দেন হুলিও এনসিসো।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে জার্মানি। ৫৪তম মিনিটে কাই হাভার্টজ হেডে গোল করে সমতা ফেরান। এরপর একের পর এক আক্রমণ চালালেও আর গোল পায়নি জার্মানি।
অতিরিক্ত সময়ে ১০২তম মিনিটে জনাথন তাহ হেডে বল জালে জড়ালেও ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেই গোল স্বীকৃতি পায়নি।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জার্মানির স্বপ্ন ভাঙেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। প্রথম শটেই হাভার্টজের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। এরপর নিক ভল্টেমাডের শটও সেভ করেন গিল।
মাঝে প্যারাগুয়ের একটি শট বাইরে চলে যাওয়ায় সুযোগ পেয়েছিল জার্মানি। নাদিয়েম আমিরি গোল করে আশা জাগান। পরে নয়্যার ফাবিয়ান বালবুয়েনার শট ঠেকিয়ে দলকে লড়াইয়ে রাখেন।
তবে শেষ মুহূর্তে আবার ভেঙে পড়ে জার্মানি। জনাথন তাহ নিজের পেনাল্টি বারপোস্টের ওপর দিয়ে মারেন। সুযোগ কাজে লাগিয়ে হোসে কানালে নিশ্চিত করেন প্যারাগুয়ের জয়।
এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপে প্রথমবার টাইব্রেকারে হারল জার্মানি। ২০১৪ সালের শিরোপা জয়ের পর থেকে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে দলটি। আগের দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার নকআউটের শুরুতেই ছিটকে গেল তারা।
অন্যদিকে দারুণ এই জয়ে শেষ ষোলোতে উঠেছে প্যারাগুয়ে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা সুইডেন।

স্পোর্টস ডেস্ক