শেষের গল্পে ঘুরে দাঁড়িয়েছে মরক্কো, খেলা গড়াল অতিরিক্ত সময়ে
প্রথমার্ধে বিফলে গেলো দুই দলের চেষ্টাই। আক্রমণ-প্রতিআক্রমণ করেও গোলের দেখা পেল না নোদরল্যান্ডস-মরক্কোর কোনো দলই। দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে গেল নেদারল্যান্ডস। সেই লিড ধরে রেখে জয়ের পথেই ছুটছিল তারা। কিন্তু শেষের রোমাঞ্চে ভাঙল তাদের সেই স্বপ্ন। দারুণ গোলে ঘুরে দাঁড়িয়েছে মরক্কো। ফলাফল নির্ধারণে খেলা গড়াচ্ছে অতিরিক্ত সময়ে।
আজ মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস আর মরক্কো। নির্ধারিত সময় শেষে ১-১ গোলের সমতায় ম্যাচ। এখন অপেক্ষা অতিরিক্ত সময়ে ফলাফলের।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় নেদারল্যান্ডস। ম্যাচের ৭২তম মিনিটে ডাচ তারকা কোডি গাকপো দুর্দান্ত এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। তবে ডাচদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি মরক্কো। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে মরক্কোর পক্ষে ইসা দিওপ গোল করে দলকে ১-১ সমতায় ফেরান।
ম্যাচের লাইভ স্ট্যাটিস্টিকস অনুযায়ী বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল মরক্কো। পুরো ম্যাচে ৫১ শতাংশ বল ছিল মরক্কোর পায়ে, যেখানে নেদারল্যান্ডসের পায়ে বল ছিল ৪০ শতাংশ। বাকি ৯ শতাংশ সময় বল দখলের জন্য দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলেছে। দুই দলই ম্যাচের বিভিন্ন সময়ে প্রতিপক্ষের রক্ষণভাগে আক্রমণ চালিয়েছে।
নির্ধারিত সময়ের খেলা শেষ। এখন দেখার বিষয় অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দল বাজিমাত করতে পারে, নাকি পেনাল্টির স্নায়ুযুদ্ধে যেতে হয় দুই জায়ান্টকে।

স্পোর্টস ডেস্ক