ব্রাজিল ম্যাচের আগে জাপান শিবিরে দুঃসংবাদ
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে নকআউট পর্বের লড়াইও শুরু হয়ে গেছে। নকআউট পর্বে আজ সোমবার (২৯ জুন) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার শক্তিশালী দল জাপান। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সামুরাই ব্লুরা। চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবো।
নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের প্রথম ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। সেই ম্যাচেই বাম হাঁটুতে গুরুতর চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর গ্রুপপর্বে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে ম্যাচেও স্কোয়াডের বাইরে ছিলেন এই মিডফিল্ডার।
নাসভিলে দলের বেস ক্যাম্পে এতদিন ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। রোববারের অনুশীলনেও তাকে মূল দলের সঙ্গে যোগ দিতে দেখা যায়নি। আলাদাভাবে দৌড়াতে দেখা গেছে কুবোকে। সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু নিশ্চিত করেছেন, ব্রাজিলের বিপক্ষে এই তারকাকে পাওয়া যাচ্ছে না।
মোরিয়াসু বলেন, ‘সে এখনও শুধু ব্যক্তিগতভাবে রানিং ও ট্রেনিং করছে। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারছে না। আমরা সবাই চাই সে দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না জাপান কোচ। বরং ব্রাজিলের বিপক্ষে আগের জয়ের স্মৃতিই অনুপ্রেরণা হয়ে কাজ করছে তার দলের জন্য। গত বছরের অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমকে দিয়েছিল জাপান। তুলে নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম জয়।
সেই স্মৃতি টেনে মোরিয়াসু বলেন, ‘র্যাংকিং বা শক্তির বিচারে ব্রাজিল অনেক এগিয়ে। তারা টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার। অনেকেই হয়তো আমাদের আন্ডারডগ বলবে এবং আমরা সেটি মাথায় রেখেই মাঠে নামব। তবে গত বছর যখন আমরা ওদের হারিয়েছিলাম, তখনও কেউ আমাদের ওপর বাজি ধরেনি। আমাদের বিশ্বাস আছে, আজও আমরা ইতিহাস বদলে দিতে পারব। পুরো বিশ্ব আজ আমাদের দিকে তাকিয়ে আছে।’
ম্যাচ টাইব্রেকারের গড়ালে, সেই পরিকল্পনার কথা জানিয়ে জাপান কোচ বলেন, ‘যদি আজ ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, তবে গতবারের মতো খেলোয়াড়দের ইচ্ছার ওপর পেনাল্টি নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হবে না। এবার কার পর কে শট নেবে, সেই ক্রম আমি নিজেই ঠিক করে দেব।’

স্পোর্টস ডেস্ক