বিশ্বকাপের যে রেকর্ড এখন শুধুই রোনালদোর
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্কের শেষ নেই। বয়স ৪১ ছুঁয়েছে, প্রথম ম্যাচে গোল পাননি, সমালোচকেরাও প্রশ্ন তুলেছিলেন তার জায়গা নিয়ে। কিন্তু রোনালদো যেন বারবার প্রমাণ করেন, তাকে নিয়ে আগেভাগে রায় দেওয়াটা সবচেয়ে বড় ভুল।
উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সেই জবাব দিলেন মাত্র ৬ মিনিটেই। ম্যাচের শুরুতেই গোল করে পর্তুগালকে এগিয়ে দেন অধিনায়ক। আর সেই গোলেই গড়ে ফেললেন ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায়।
ফুটবল ইতিহাসে প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো।
২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে প্রথম গোল। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং এবার ২০২৬ বিশ্বকাপেও গোলের দেখা পেলেন পর্তুগিজ মহাতারকা। দুই দশকজুড়ে বিস্তৃত এই অর্জন শুধু ধারাবাহিকতার নয়, এটি বিশ্ব ফুটবলে রোনালদোর অবিশ্বাস্য দীর্ঘায়ু ও প্রতিযোগিতামূলক মানসিকতারও প্রতীক।
বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য কিংবদন্তি এসেছেন। পেলে, ডিয়েগো ম্যারাডোনা কিংবা লিওনেল মেসি কেউই ছয়টি আলাদা বিশ্বকাপে গোল করার এই রেকর্ড গড়তে পারেননি। সেখানে রোনালদো একাই দাঁড়িয়ে গেলেন ইতিহাসের সর্বোচ্চ চূড়ায়।
বিশ্বকাপ শুরুর আগে অনেকেই বলেছিলেন, সময় ফুরিয়ে এসেছে রোনালদোর। কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর সেই আলোচনা আরও জোরালো হয়েছিল। কিন্তু উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ৬ মিনিটেই তিনি যেন পুরো বিশ্বকে মনে করিয়ে দিলেন, বড় মঞ্চে তার গল্প এখনো শেষ হয়নি।
রোনালদোর গোলের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল শিবির। আর ফুটবল ইতিহাসের পাতায় যুক্ত হয় আরেকটি রেকর্ড, যার পাশে আপাতত একটিই নাম লেখা আছে, ক্রিস্টিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক