আর্জেন্টিনা ভক্তদের দুঃসংবাদ দিলেন স্কালোনি
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে নকআউট পর্ব নিশ্চিত হওয়ার পর আর্জেন্টিনা শিবিরে বইয়ে যাওয়ার কথা ছিল আনন্দের জোয়ার। কিন্তু সেই উচ্ছ্বাসের মাঝে ভক্তদের জন্য দুঃসংবাদ শুনিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। দলের রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা ক্রিশ্চিয়ান রোমেরোর চোট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কোচ।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন হঠাৎ অস্বস্তি অনুভব করায় দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠ ছাড়তে বাধ্য হন টটেনহ্যামের এই তারকা ডিফেন্ডার। ম্যাচের প্রায় এক ঘণ্টা পার হওয়ার পর তার পরিবর্তে নিকোলাস ওটামেন্ডিকে মাঠে নামান কোচ স্কালোনি। ম্যাচ শেষে স্কালোনি নিজেই নিশ্চিত করেছেন যে, রোমেরোর চোটের কারণেই তাকে মাঠ থেকে তুলে নিতে হয়েছে।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘চোট কতটা গুরুতর তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে রোমেরো আগে থেকেই এই সমস্যায় ভুগছিল। আমরা আশা করছি গুরুতর কিছু হবে না। কারণ দলের প্রতিটি খেলোয়াড় আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
রোমেরোর বিকল্প প্রসঙ্গে কোচ বলেন, ‘সে যদি শেষ পর্যন্ত না খেলতে পারে, তবে যে তার জায়গা নেবে, সে অবশ্যই নিজের সেরাটা দেবে। তবে দলের সবাই সুস্থ থাকলে সেটি সবসময়ই বাড়তি সুবিধা দেয়। তার শারীরিক অবস্থার বিস্তারিত জানতে আগামীকাল বা পরশু কিছু পরীক্ষা করা হবে।’
রোমেরোর এই চোট খুব একটা নতুন নয়। প্রিমিয়ার লিগের শেষ দিকে হাঁটুর চোটের কারণে টটেনহ্যামের হয়ে ছয়টি ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। বিশ্বকাপের আগে পুরোপুরি সেরে উঠেছেন মনে করা হলেও, অস্ট্রিয়ার বিপক্ষে তার এভাবে মাঠ ছাড়া পুরোনো শঙ্কাকেই ফের সামনে নিয়ে এলো।
এদিকে, চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারেননি আরেক ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে ছাড়াই একাদশ সাজাতে হয় কোচকে। নতুন রোমেরোর চোট বড় অস্বস্তির কারণ আলবিসেলেস্তেদের জন্য। আর চোট গুরুতর হলে বেশ বিপাকেই পড়তে হবে স্কালোনিকে।

স্পোর্টস ডেস্ক