পর্তুগাল নাকি উজবেকিস্তান, কে জিতবে? জানাল সুপারকম্পিউটার
প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ড্র করেছে পর্তুগাল আর উজবেকিস্তান হেরে এসেছে কলম্বিয়ার কাছে। ফলে দুই দলের জন্যই দ্বিতীয় ম্যাচটি হয়ে ওঠেছে বাঁচ-মরার লড়াই। সেই সমীকরণ মাথায় নিয়ে ‘কে’ গ্রুপের ম্যাচে আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামছে পর্তুগাল ও উজবেকিস্তান।
ম্যাচ শুরুর আগেই ফুটবলপ্রেমীদের সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ‘সুপার কম্পিউটার’। প্রশ্ন হলো- কার পক্ষে কথা বলছে এই সুপার কম্পিউটার? সেখানে অবশ্য সুখবর আছে পর্তুগালের জন্যই। ক্রীড়া পরিসংখ্যান বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা এবং স্পোর্টসকাস্টিংয়ের ফুটবল সুপার কম্পিউটার হাজারোবার ম্যাচটি সিমুলেশন করে যে ফলাফল দেখিয়েছে, তাতে পর্তুগালের জয়কেই নিশ্চিত ধরা হচ্ছে।
ফলাফল বলছে, সুপার কম্পিউটারের হিসেবে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৮৩.১ শতাংশ। বিপরীতে উজবেকিস্তানের জয়ের সম্ভাবনা মাত্র ৬ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ। সুপার কম্পিউটারের সবচেয়ে সম্ভাব্য স্কোরলাইন প্রেডিকশন হলো পর্তুগাল ৩-০ ব্যবধানে জয় পাবে।
পর্তুগালের এই আকাশচুম্বী জয়ের সম্ভাবনার মূল কারণ হিসেবে তাদের শক্তির গভীরতাকে দেখছেন বিশ্লেষকরা। ফিফা র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা পর্তুগালের আক্রমণভাগে ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লেয়াও এবং বের্নার্দো সিলভার মতো তারকা ফুটবলাররা রয়েছেন।
প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে বল দখলে রাখলেও পর্তুগাল গোলের দেখা পায়নি। সেই খরা কাটাতে আজ রবার্তো মার্তিনেসের শিষ্যরা আক্রমণাত্মক ফুটবল খেলবে বলে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে শেষ ১০ ম্যাচে গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠে নামছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। তবে সুপার কম্পিউটারের গাণিতিক হিসাব বলছে, খর্বশক্তির উজবেকিস্তানের বিপক্ষেই রোনালদোর দীর্ঘ গোল খরা কাটার জোরালো সম্ভাবনা রয়েছে।

স্পোর্টস ডেস্ক