জার্মান শিবিরে দুঃসংবাদ, দীর্ঘদিনের জন্য বাইরে শ্লটারবেক
জার্মানির জন্য বড় ধাক্কা হয়ে এলো নিকো শ্লটারবেকের চোট। গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। শনিবার আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের জয়ে প্রথমার্ধে চোট পেয়ে বিরতির পর মাঠ ছাড়েন তিনি।
জার্মান ফুটবল ফেডারেশন জানিয়েছে, বাঁ পায়ের গোড়ালির মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টে (এমসিএল) চোটের কারণে তাকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।
বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ায় শ্লটারবেকের পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ নেই জার্মানির। তবে চিকিৎসার জন্য আপাতত তিনি দলের সঙ্গেই যুক্তরাষ্ট্রে থাকবেন। গ্রুপ ‘ই’ থেকে ইতোমধ্যেই শীর্ষস্থান নিশ্চিত করে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।
জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান বলেন, শ্লটারবেককে মাঠে ভীষণ মিস করবে দল। বিশেষ করে রক্ষণ সামলানোর পাশাপাশি পেছন থেকে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে তার দক্ষতা ছিল অসাধারণ।
তিনি আরও বলেন, এটি শ্লটারবেকের জন্য স্মরণীয় একটি বিশ্বকাপ হতে পারত। তবে কঠিন সময়েও ইতিবাচক মানসিকতা ধরে রেখেছেন এই ডিফেন্ডার এবং মাঠের বাইরেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিশ্বকাপে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ে পুরো ম্যাচ খেলেছিলেন শ্লটারবেক। সেই ম্যাচে দলের দ্বিতীয় গোলটিও করেছিলেন তিনি। তার অনুপস্থিতিতে জার্মানির সেন্টার-ব্যাক হিসেবে এখন দায়িত্ব সামলাবেন জনাথান তাহ, আন্তোনিও রুডিগার, ভালডেমার আন্তন ও মালিক থিয়াও এর মধ্যে কেউ।

স্পোর্টস ডেস্ক