সুইডেনকে গোল বন্যায় ভাসিয়ে নকআউটের পথে নেদারল্যান্ডস
জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর ২০২৬ বিশ্বকাপে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে নেদারল্যান্ডস। আজ শনিবার (২১ জুন) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এফ’-এর ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ডাচরা। ব্রায়ান ব্রব্বে ও কোডি গাকপোর জোড়া গোলে বড় এই জয় তুলে নেয় রোনাল্ড কোম্যানের দল।
স্কোরলাইন বড় হলেও ম্যাচের শুরুটা ছিল সুইডেনের দাপটে। প্রথম মিনিটগুলোতে একের পর এক আক্রমণে নেদারল্যান্ডসের রক্ষণকে চাপে ফেলে দেয় তারা। ভিক্টর জ্যোকারেস বক্সের ভেতর থেকে বাঁকানো শট নিলেও ডাচ গোলরক্ষক বার্ট ফারব্রুগেন অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন। ডনিয়েল মালেনও একটি উঁচু ক্রস থেকে গোলের সুযোগ তৈরি করেছিলেন, তবে শেষ মুহূর্তে বল নিয়ন্ত্রণে আনতে পারেননি। সুইডেনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় তাদের হতাশা আরও বাড়ে।
প্রতিপক্ষের চাপ সামলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নেদারল্যান্ডস। মাঝমাঠে তিজানি রেইন্ডার্সের চমৎকার পাসিং মুভ থেকে কোডি গাকপোর ক্রসে প্রথম গোল করেন ব্রায়ান ব্রব্বে। পরে বক্সের অন্য প্রান্ত থেকে আসা আরেকটি নিচু ক্রস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় নেদারল্যান্ডসের ২-০ ব্যবধানের লিড নিয়ে।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ডাচরা। ম্যাচের ৪৭তম মিনিটে পেছনের পোস্টে গাকপোর সহজ ট্যাপ-ইনে ব্যবধান ৩-০ হয়। কয়েক মিনিট পর বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশে নিজের দ্বিতীয় গোলও করেন লিভারপুল তারকা। ফলে ম্যাচ কার্যত নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণেই চলে যায়।
ম্যাচের ৫৯তম মিনিটে অ্যান্থনি এলাঙ্গা সুইডেনের হয়ে একটি গোল শোধ করলেও তাতে ম্যাচের চিত্র বদলায়নি। শেষ দিকে ডাচদের আক্রমণ অব্যাহত থাকে এবং ৮৯তম মিনিটে ক্রিসেনসিও সামারভিল দুর্দান্ত এক ফিনিশে দলের পঞ্চম গোল করেন।
ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে থেকেও সুযোগ নষ্টের খেসারত দিয়েছে সুইডেন। অন্যদিকে, নেদারল্যান্ডস দেখিয়েছে কার্যকর ফুটবলের দৃষ্টান্ত। বার্ট ফারব্রুগেনের গুরুত্বপূর্ণ সেভ, ব্রব্বের ক্ষুরধার ফিনিশিং এবং গাকপোর উজ্জ্বল পারফরম্যান্সে দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল ডাচরা।

স্পোর্টস ডেস্ক