রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল মরক্কো
ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে স্কটল্যান্ডের রক্ষণে আক্রমণ করতে থাকে মরক্কো। ফলাফল পেতে সময় লাগেনি। শুরুতেই রেকর্ড গড়া গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় একইভাবে খেলেছে মরক্কো। মাঝে মধ্যে জবাব দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি স্কটিশরা। ফলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে মরক্কো।
আজ শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের জিলেট স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছে মরক্কো আর স্কটল্যান্ড। প্রথমার্ধের লড়াই শেষে ১-০ গোলে এগিয়ে আছে মরক্কো।
ম্যাচ শুরুর বাঁশি বাজার পর বল জালে খুঁজে নিতে খুব বেশি সময় লাগেনি। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই স্কটল্যান্ডের জালে জড়ায় বল। ব্রাহিম দিয়াজের পাস থেকে ডান পায়ের দারুণ শটে গোলটি করেন ইসমাইল সাইবারি।
এই গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপে একটি রেকর্ডও গড়েন তিনি। সাইবারির দ্বিতীয় মিনিটে করা এই গোলটি বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোল।
ম্যাচের বাকি সময়েও বল দখলে রেখে স্কটিশদের রক্ষণে হানা দিয়েছে মরক্কো। বেশ কয়েকবার গোলের জন্য শটও নিয়েছে তারা। তবে স্কটল্যান্ডের জমাট রক্ষণ আর ভাঙতে পারেনি।
বিপরীতে, ম্যাচের প্রায় পুরোটা সময় বল দখলের লড়াই আর মরক্কোর আক্রমণ সামলাতেই স্কটল্যান্ডকে। কয়েকবার প্রতিআক্রমণে ওঠার চেষ্টা করলেও সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেনি।

স্পোর্টস ডেস্ক