সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ১৯৭ রান
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশের কাছে সিরিজ বাঁচানোর। অস্ট্রেলিয়ার লক্ষ্য আবার এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা। এমন ম্যাচে ব্যাট হাতে বড় সংগ্রহই দাঁড় করিয়েছে অসিরা৷
আজ শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে সফরকারীরা।
ব্যাটিংয়ে শুরু থেকেই আগ্রাসী ছিল অস্ট্রেলিয়া। ২.৪ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ৩০ রান। ৬ বলে ১১ রান করা জস ইংলিশকে লেগবিফোর করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। এরপর শিকারে আসেন নাহিদ রানা। তিনি ফেরান কুপার কনোলিকে (১)। মুস্তাফিজুর রহমানের শিকার হওয়ার আগে অসি অধিনায়ক মিচেল মার্শ করেন ১৯ বলে ২০ রান।
৪৪ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়ার হাল ধরেন মেট রেনশো ও টিম ডেভিড। চতুর্থ উইকেট জুটিতে আসে ৯৭ রান। ২৬ বলে ৪৫ রান করা ডেভিড আউট হন সাকলায়েনের বলে। তবে, একপ্রান্ত আগলে রাখেন রেনশো। ৫২ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে অসিরা পায় বড় পুঁজি।
বাংলাদেশের পক্ষে নাসুম দুটি এবং মুস্তাফিজ, নাহিদ ও সাকলায়েন পান একটি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক