বিশ্বকাপ দলে থাকা ফুটবলারকে ভিসা দিল না কানাডা
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ঘানা। কানাডায় প্রবেশের ভিসা না পাওয়ায় দলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ মিডফিল্ডার টমাস পার্টি।
ফিফা জানিয়েছে, কানাডা সরকারের কাছে করা পার্টির ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। ফলে বোস্টনে ঘানার ট্রেনিং ক্যাম্পে থাকলেও টরন্টোয় অনুষ্ঠিত হতে যাওয়া পানামার বিপক্ষে ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার।
২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন ভিন্ন নারীর করা ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগের কারণে দীর্ঘদিন ধরেই বিতর্কে রয়েছেন সাবেক আর্সেনাল তারকা। যদিও শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। আগামী বছর এসব অভিযোগে আদালতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।
এক বিবৃতিতে ফিফা স্পষ্ট করেছে, স্বাগতিক দেশের অভিবাসন নীতিতে তাদের কোনো হস্তক্ষেপ নেই। কারা ভিসা পাবেন এবং কারা দেশে প্রবেশ করতে পারবেন, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট সরকারের।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে টরন্টোয় পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ঘানা। তবে প্রথম ম্যাচে পার্টিকে না পেলেও গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে তাকে পাওয়ার আশা করছে দলটি।
যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপে ভিসা জটিলতার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে বিভিন্ন দেশের খেলোয়াড়, কর্মকর্তা এবং রেফারিদের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ও কানাডার অভিবাসন সংক্রান্ত জটিলতার খবর সামনে এসেছে।

স্পোর্টস ডেস্ক